• দিনভর বৃষ্টিতে বানভাসি হাওড়া, জলযন্ত্রণা, বিপাকে জনজীবন, ছুটি কয়েকটি স্কুলে
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মঙ্গলবার মুষল বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়ে হাওড়া শহরের একাধিক নীচু এলাকা। সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা, তারপর দফায় দফায় প্রবল বৃষ্টি। তাতেই শিবপুর, হাওড়া ময়দান, সালকিয়া, রামরাজাতলা, ঘুসুড়ি সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট জলের তলায় চলে যায়। কোথাও দোকানের ভিতরেও জল ঢুকে পড়ে। জল ঠেলে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ।

    জল জমার কারণে সাঁতরাগাছি সহ শহরের কয়েকটি স্কুলে ছোটো পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হয়। স্কুলের সামনে হাঁটুসমান জল জমে যাওয়ায় অনেক অভিভাবককে দেখা যায়, সন্তানদের কোলে বা কাঁধে বসিয়ে জল পারাপার করতে। পড়ুয়ারা জানায়, সকালে স্কুলে আসার সময় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আচমকা প্রবল বৃষ্টিতে চারপাশ জলমগ্ন হয়ে পড়ে। নোংরা জলের মধ্যে দিয়ে যাতায়াত করতেও আতঙ্ক তৈরি হয়। আইআইইএসটির শিবপুর ক্যাম্পাস ছাড়াও কলেজ রোড, নস্করপাড়া ও কোলে মার্কেটে জল জমে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিকাশি সমস্যার কারণে বৃষ্টি হলেই জল জমে। এদিন অতিরিক্ত বৃষ্টি হওয়ায় সেই সমস্যা আরও প্রকট হয়েছে। প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা করা হয়।

    এর মধ্যেই বৃষ্টির জেরে রাস্তার বেহাল দশার ছবি সামনে এসেছে। মঙ্গলবার দুপুরে কোনা তেঁতুলতলায় বেনারস রোডে রাস্তার গর্তে পড়ে যাত্রীবোঝাই একটি টোটো উলটে যায়। আহত হন বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনার ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। রাস্তার গর্ত ও দীর্ঘদিনের বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, জমা জল দ্রুত নামাতে ৭০টি পাম্প চালানো হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য আগামী জানুয়ারি থেকে নিকাশি ব্যবস্থা নিয়ে ৪৭০০ কোটি টাকার মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)