• নদীভাঙন রোধে বাসুদেবপুরে কাজ শুরু সেচদপ্তরের
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুর ১ ব্লকের পূর্ব বাসুদেবপুরে, হুগলি নদীর বাঁধ মেরামতের কাজ জোরকদমে শুরু করল সেচদপ্তর। ইতিমধ্যে ভাঙনপ্রবণ এলাকায় বাঁশের খাঁচার মধ্যে ইট ভরে নদীর পাড়ে ফেলা হয়েছে। জালের মধ্যে ইট ভাঙা দিয়েও ফেলে দেওয়া হয়েছে, যার পোশাকি নাম ‘ব্যাট’। এছাড়া জলের ধাক্কায় ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত নদীবাঁধে যাতে আরও ক্ষয় না হয়, সেই লক্ষ্যে নদীর পাড় ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

    মঙ্গলবার দুপুরে সেচদপ্তরের উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা ওই এলাকা পরিদর্শন করেন। দপ্তরের এক কর্তা জানান, নদীর পাড়ে ইট ফেলে দেওয়ায় জলের ধাক্কায় আপাতত নদীবাঁধে নতুন করে ক্ষয় হবে না। এরপর অন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, এদিন নদীর ভাঙন পরিদর্শনে আসেন শ্যামপুরের বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। তিনি পূর্বতন সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এই বাঁধের ভাঙন বলে দিচ্ছে আগের সরকারের কাজে কী ধরনের দুর্নীতি হয়েছে! কাজের গুণগত মান ভালো না হওয়াতেই এই ভাঙন বলে দাবি করেন বিধায়ক।

    প্রসঙ্গত, সোমবার সকালে বাসুদেবপুরে হুগলি নদীবাঁধের প্রায় ২০০ ফুট লম্বা অংশ ধসে পড়ে। এলাকায় থাকা একটি পার্কের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়। সেচদপ্তরের বক্তব্য, নদীতে তৈরি হওয়া একটি ‘ডিপ চ্যানেল’ এগিয়ে আসার কারণেই এই এলাকায় ভাঙন এমন বিপজ্জনক হয়েছে। এর পাশাপাশি ডিপ চ্যানেল দিয়ে যখন জাহাজগুলি যাচ্ছে, সেগুলি হাওড়ার পাড়ের দিকে কাছ দিয়ে যাওয়ার ফলে জলের ধাক্কায় বাঁধের বেশি ক্ষতি হচ্ছে।
  • Link to this news (বর্তমান)