• নেপাল বিপর্যয়ে নিখোঁজ চন্দননগরের প্রৌঢ়া, মায়ের খোঁজে মার্কিন মুলুক থেকে কাঠমাণ্ডু যাচ্ছে ছেলে
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নেপালের হড়পা বানের জেরে নিখোঁজ হয়ে গিয়েছেন চন্দননগরের পর্যটক প্রৌঢ়া শিপ্রা রায় (পাটারি)। মঙ্গলবার রাত পর্যন্ত তাঁর হদিশ মেলেনি। মাকে খুঁজতে তাই এবার আমেরিকা থেকে নেপালে ছুটছেন ছেলে। আজ, বুধবার ভাইকে নিয়ে নেপাল রওনা হবেন শিপ্রাদেবীর বড়ো ছেলে নিলয় পাটারি। 

    ছোটো ছেলে অনীক ও বড়ো ছেলে নিলয়ের বিশ্বাস, মাকে নিশ্চিতভাবেই কোনো হাসপাতালে পাওয়া যাবে। কেন ওই বিশ্বাস? পরিবার সূত্রে জানা গিয়েছে, সেদিন দু’টি বাস ছেড়েছিল নেপাল-তিব্বত সীমান্তের অভিবাসন দপ্তর থেকে। প্রথম বাসের এক পরিচিত যাত্রীর সূত্রে পাটারি পরিবার জানতে পেরেছে, দ্বিতীয় বাসটিতে উঠেছিলেন শিপ্রাদেবী। সেই বাস যদি দু’ঘণ্টার পথ পেরিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিছুটা আশা থাকে।

    সেই আশাকেই ভরসা করে মাকে খুঁজতে আমেরিকা থেকে পড়িমড়ি করে ছুটে এসেছেন বড়ো ছেলে। মঙ্গলবার চন্দননগরের হরিদ্রডাঙার বাড়িতে এসেছেন নিলয়। 

    বড়ো ছেলেকে দেখে বুকে বল পেয়েছেন সত্তরোর্ধ্ব বাবা রবীন পাটারি। স্ত্রী শিপ্রার সঙ্গে তাঁরও নেপাল যাওয়ার কথা ছিল। কিন্তু বয়সের বাধায় তিনি যেতে পারেননি। যেদিন শুনেছেন শিপ্রা নিখোঁজ, সেদিন থেকে শুধুই ছটফট করছেন। আর বারবার পরিবারের লোকদের বলছেন, বিভিন্ন সরকারি নম্বরে ফোন করতে। 

    বাবাকে ছেলেরা জানিয়েছেন যে, তাঁরা নেপালের বিভিন্ন হাসপাতালে মায়ের খোঁজ চালাবেন। নিলয় বা অনীক কেউই এ নিয়ে কথা বলেননি। তবে তাঁদের কাকা তথা রবীনবাবুর ভাই বাবলু বলেন, আমরা এক পর্যটকের সূত্রে জানতে পেরেছি, বউদি দ্বিতীয় বাসে উঠেছিলেন। দু’ঘণ্টা সেটি চললে তীব্র বিপর্যয়ের এলাকা থেকে বেরিয়ে আসা সম্ভব। আমাদের আশা, বউদি কোনো হাসপাতালে চিকিৎসাধীন থাকতে পারেন। সেই কারণেই আমার দুই ভাইপো নেপাল যাচ্ছে।

    চন্দননগরের হরিদ্রডাঙার বাসিন্দা শিপ্রাদেবী সিঙ্গুরের গোলাপমোহিনী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা। স্বামী রবীনবাবুও প্রাক্তন শিক্ষক। বরাবরই পর্যটনের শখ ছিল শিপ্রাদেবীর। অবসর জীবনে সেই ঘোরার শখ আরও বেড়েছিল। এবার ২১ আগস্ট একটি সংস্থার সঙ্গে নেপাল গিয়েছিলেন শিপ্রাদেবী। রবীনবাবুকে সংস্থা বয়সের কারণে নিয়ে যেতে চায়নি। তাই তাঁকে একাই যেতে হয়েছিল। তারপরই নেপালের হড়পা বান নিস্তরঙ্গ পাটারি পরিবারে সংকট বয়ে আনে। 

    ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী রবীনবাবুকে ফোন করেছিলেন। সরকারি তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু হদিশ মেলেনি শিপ্রাদেবীর। ফলে, মাকে খুঁজতে আমেরিকা থেকে নেপালে ছুটছেন ছেলেরা। পরিবারের প্রার্থনা, ছেলেদের সফর যেন সফল হয়।
  • Link to this news (বর্তমান)