• সরছে নিম্নচাপ, আজ বিকেলের পর কমবে বৃষ্টি
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গের উপর সুস্পষ্ট নিম্নচাপ এবং একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার ফলে বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকেছে। এজন্য মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। নিম্নচাপটি সরে গেলে আজ বুধবার বিকেলের পর বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত কলকাতায় ৯৪ মিমি বৃষ্টি হয়েছে। এর মধ্যে, ৭৩ মিমি বৃষ্টি হয়েছে এদিন সকাল সাড়ে ৮টার পর। সল্টলেকে সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় ৬০ মিমি বৃষ্টি হয়েছে। বারাকপুরে ৮০ মিমি বৃষ্টি হয়েছে এইসময়ে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হয়েছে। উপকূল এলাকার কাছাকাছি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব বেশি পড়ছে।

    বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গ ও লাগোয়া উত্তর ওড়িশার উপর ছিল। এটি পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। নিম্নচাপের প্রভাবে ওড়িশায় বেশি বৃষ্টি হচ্ছে। আগামী দিনে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে এর প্রভাবে বৃষ্টি বাড়বে। নিম্নচাপটির উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে এখন বর্ষা সক্রিয়। আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
  • Link to this news (বর্তমান)