• সন্তান স্কুল থেকে বেরল? রেজাল্ট কেমন! অ্যাপেই তথ্য পাবেন অভিভাবকরা, অভিনব উদ্যোগ শান্তিপুরে
    প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • সন্তান কখন স্কুলে প্রবেশ করছে? নির্দিষ্ট সময়ে ছুটির পর বেরল কিনা? তা নিয়ে চিন্তায় থাকেন অভিভাবকরা। জড়িয়ে কচিকাঁচাদের সার্বিক নিরাপত্তা। সেই দুশ্চিন্তা দূর করতে বড় পদক্ষেপ নিল নদিয়ার শান্তিপুরের প্রাথমিক বিদ্যালয়। চালু হল ‘ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট এবং পেরেন্ট কমিউনিকেশন সিস্টেম’। এই ব্যবস্থায় সন্তান কখন বিদ্যালয়ে প্রবেশ করেছে এবং কখন বিদ্যালয় থেকে বেরিয়েছে, মুহূর্তে সব তথ্য পাবেন অভিভাবকরা।

    নদিয়ার শান্তিপুরের সর্বানন্দীপাড়ার ঐতিহ্যবাহী কানাই বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে শুরু হয়েছে আরএফআইডি প্রযুক্তিনির্ভর ডিজিটাল হাজিরা! কোনও শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশ করার সময় এবং ছুটির পর বিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তার উপস্থিতি ও প্রস্থানের তথ্য স্কুলের কাছে চলে যাবে। সেই তথ্য পাবেন অভিভাবকরাও।

    শুধু ডিজিটাল হাজিরাই নয়, আনা হচ্ছে একটি অ্যাপও। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে অভিভাবকরা বাড়িতে বসেই সন্তানদের পরীক্ষার ফলাফল জানতে পারবেন। প্রয়োজন অনুযায়ী রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন। অনলাইন মূল্যায়নও দেখতে পারবেন। মনে করা হচ্ছে, এই ব্যবস্থায় বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতীম সেন জানান, “বিদ্যালয়ের দৈনন্দিন ব্যবস্থাপনা থেকে শুরু করে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে এই প্রক্রিয়া আনা হয়েছে।” তাঁরা মনে করছেন এই সিস্টেমে বিদ্যালয়ের প্রশাসনিক কাজ আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে। স্কুলের এই পদক্ষেপে খুশি অভিভাবকরা।
  • Link to this news (প্রতিদিন)