• বিচারাধীন জমিতে বিজেপির পতাকা! দায় নিল না দল
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, ইসলামপুর: বিচারাধীন একটি জমিতে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নন্দলাভূখোয়া এলাকায়। তবে এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন বিজেপি নেতারা। এ নিয়ে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মহম্মদ জালালউদ্দিন।

    অভিযোগ, দীর্ঘদিন ধরে ২২ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। জালালউদ্দিনের দাবি, গত ৩১ অগস্ট রাতে কয়েকজন ব্যক্তি বিতর্কিত ওই জমিতে প্রবেশ করে বিজেপির দলীয় পতাকা পুঁতে দেন।

    পরদিন সকালে বিষয়টি নজরে আসার পরে পতাকা সরাতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা ও উত্তেজনার সৃষ্টি হয়। জালালউদ্দিনের অভিযোগ, আব্দুস সাত্তার, আব্দুল রউফ-সহ কয়েকজন ওই জমিতে পতাকা লাগিয়েছেন। জমি দখলের চেষ্টা এবং তাঁদের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

    যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আব্দুস। তাঁর দাবি, জমিটি তাঁদের পারিবারিক সম্পত্তি এবং তাঁর বাবার নামে রয়েছে। সেই কারণেই তিনি নিজের জমিতে বিজেপির পতাকা লাগিয়েছেন। জালালউদ্দিনের বিরুদ্ধে অযথা বিতর্ক সৃষ্টি ও গ্রামবাসীদের বিভ্রান্ত করার অভিযোগ তোলেন সাত্তার।

    চোপড়া ৪ নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক মনোজ ঘোষ বলেন, 'আব্দুস সাত্তার বিজেপির কোনও পদাধিকারী নন এবং দলের সঙ্গেও সক্রিয় ভাবে যুক্ত নন। বিচারাধীন জমিতে বেআইনি ভাবে দলীয় পতাকা লাগানো হয়ে থাকলে বিজেপি তা সমর্থন করে না।'

  • Link to this news (এই সময়)