Big Breaking: টানা প্রবল বৃষ্টির জেরে মুর্শিদাবাদে রেললাইনে ধস। বৃহস্পতিবার সকালে এই ধসের জেরে ব্যাহত ট্রেন চলাচল। নিউ ফরাক্কা জংশন স্টেশন থেকে হাওড়ার দিকে যাওয়ার পথে ফরাক্কা ও তিলডাঙা স্টেশনের মাঝে রেললাইনে ধস নেমেছে বলে রেল সূত্রে খবর। তার জেরে হাওড়াগামী একাধিক ট্রেন আটকে পড়েছে বলে জানা গিয়েছে। আটকে থাকা ট্রেনের তালিকায় আছে পদাতিক এক্সপ্রেস, যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে ফরাক্কা ব্যারেজের ঢোকার মুখে আপ লাইনের একটি অংশে ধস নামে। প্রবল বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে রেললাইনের নীচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ধসের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতির কাজ।
পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছেন রেল কর্তৃপক্ষ। ফরাক্কা স্টেশন সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত আপ লাইনের পাশাপাশি ডাউন লাইন ব্যবহার করে ট্রেন চালানোর চেষ্টা করা হচ্ছে। যাতে যতটা সম্ভব কম সময়ের জন্য পরিষেবা ব্যাহত হয়, সেই লক্ষ্যেই বিকল্প পথে ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।
রেললাইন মেরামতির কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। তবে ধসের কারণে হাওড়াগামী বেশ কয়েকটি ট্রেনের পরিষেবায় প্রভাব পড়েছে। যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বলেও জানা গিয়েছে।
রেল কর্তৃপক্ষের তরফে ক্ষতিগ্রস্ত অংশের পরিস্থিতি নজরে রাখা হয়েছে। মেরামতির কাজ শেষ হয়ে লাইন নিরাপদ ঘোষণা হওয়ার পরই স্বাভাবিক ভাবে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে। প্রবল বৃষ্টির কারণে রেললাইনের সার্বিক পরিস্থিতির উপরও নজর রাখছেন রেলের কর্মীরা।