• বিদেশি নাগরিক রাহুল গান্ধী? ‘কোনও প্রমাণ নেই’, মামলা খারিজ করে দিল হাই কোর্ট
    প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • শুধু ভারতের নন। ব্রিটেনেরও নাগরিক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই অভিযোগ তুলে দেশজুড়ে বেশ কয়েকটি মামলা করেছেন বিজেপি সমর্থকরা। ইতিমধ্যেই গুটিকয়েক মামলা খারিজ হয়েছে। এবার আরও একটি মামলা খারিজ করল এলাহাবাদ হাই কোর্ট। আদালত বলছে, রাহুল যে বিদেশির নাগরিক, এই বক্তব্যের স্বপক্ষে কোনও প্রমাণ মামলাকারীরা দিতে পারেননি।

    মামলাকারীর দাবি ছিল, ব্রিটিশ সংস্থা ব্যাকপ্‌স লিমিটেডের মাধ্যমে ২০০৫ এবং ২০০৬ সালে রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলি তাঁর ব্রিটেনের নাগরিকত্বের প্রমাণ। এছাড়া ইংল্যান্ডে রাহুলের নামে থাকা একটি কোম্পানির ঘোষণাপত্রে, নিজেকে ইংল্যান্ডের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন তিনি। রাহুল ব্রিটেনের নাগরিক, এই অভিযোগ তুলে তাঁর মনোনয়ন খারিজের দাবিও একাধিকবার উঠেছে। আসলে নিয়ম অনুযায়ী, কোনও ভারতীয়ের দ্বৈত নাগরিকত্ব আইনত অপরাধ।

    সমস্যা হল, বিজেপি নেতারা লাগাতার রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেও কোনও প্রমাণ দিতে পারেননি। রাহুলের বিরুদ্ধে এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে মামলা করেছিলেন অশোক পাণ্ডে নামের ব্যক্তি। বিচারপতি বি শরাফ এবং বিচারপতি অবধেশ কুমার চৌধুরীর পর্যবেক্ষণ, মামলাকারী নিজের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি। শেষমেশ মামলাটি প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

    রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে। এর আগে দিল্লি হাই কোর্টে এই একই অভিযোগে মামলার করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। ঘটনাচক্রে বিজেপি নেতারা এর আগে বারবার রাহুল গান্ধীকে বিদেশের নাগরিক হিসাবে প্রমাণ করার চেষ্টা করলেও কেন্দ্র সেভাবে উচ্চবাচ্চ করেনি। প্রতিবারই রাহুলের নাগরিকত্ব ইস্যুটি কোনও না কোনওভাবে এড়িয়ে গিয়েছে মোদি সরকার। কেন্দ্র এবার কি অবস্থান নেয় সেটাই দেখার।
  • Link to this news (প্রতিদিন)