বাড়তি নিরাপত্তা পাচ্ছেন তৃণমূল থেকে এনসিপিআইতে যোগদানকারী সাংসদ। সাংসদের নিরাপত্তা বাড়াল রাজ্যের পুলিশ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের নিরাপত্তায় এবার অতিরিক্ত রাজ্য পুলিশের স্কট। আবু তাহের খানের নিরাপত্তায় আগে শুধুমাত্র দু’জন কনস্টেবল থাকতেন। এখন তাঁর সঙ্গে থাকছে পুলিশের স্কট। তবে হঠাৎ কেন সাংসদের নিরাপত্তা বাড়ানো হল তা নিয়ে শুরু হয়েছে চর্চা। রয়েছে হামলার আশঙ্কা!
যদিও এই প্রসঙ্গে এনসিপিআই সাংসদ আবু তাহের খানের অবশ্য দাবি, “তৃণমূল সরকারের সময় থেকে আমি পুলিশে জানিয়ে বেরোলে যে থানা এলাকা দিয়ে যায়, সেই থানা এলাকা স্কট করে নিয়ে যায়। সেই বিষয়টি আছে এখন নিন্দুকেরা অনেক কিছু বলবে।” পুলিশ স্কট ক্ষেত্রে এএসআই বা এসআই পদমর্যাদার অফিসার থাকেন ও তাঁদের সঙ্গে দু’জন কনস্টেবল থাকেন।
সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা অবশ্য বললেন, “নুন খেলে তো গুন গাইতেই হবে। লোকসভার বিলে ভোট নেবে বিজেপি তাই এখানে অতিরিক্ত নিরাপত্তা দিয়েছে। আরও অনেক কিছু দেবে বিজেপি সরকার। এদের উপরে এনসিপিআই ভিতরে বিজেপি।” এবিষয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা পুলিশের। তবে একটি সূত্রের দাবি, নির্দিষ্ট বেশ কিছু তথ্যের ভিত্তিতেই সাংসদ আবু তাহের খানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জেলা পুলিশ প্রশাসন।