• দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, ১২ দিন পর মারা গেলেন স্ত্রীও
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর: পথ দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর ১২ দিন পরই মৃত্যু হল স্ত্রীরও। মাত্র ৪ মাস আগেই বিয়ে হয়েছিল তাঁদের। স্বামী-স্ত্রীর পরপর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নানুরের ডোংরা ও কীর্ণাহারের শ্বাসপুরে। জানা গিয়েছে, গত ২০ আগস্ট সকালে শ্বশুরবাড়ি শ্বাসপুর থেকে স্ত্রী তনিমাকে মোটরবাইকে নিয়ে ডোংরার বাড়িতে ফিরছিলেন ঋজু ধারা (২৭)। নানুরের নতুনপাড়ায় তাঁদের বাইকের সঙ্গে একটি পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর জখম হন দু’জনেই। ঋজুর মৃত্যু হয় দুর্ঘটনার দিনই। আশঙ্কাজনক অবস্থায় তনিমাকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এদিন সন্ধ্যায় গ্রামে তাঁর দেহ নিয়ে আসা হয়। মাত্র চার মাসের দাম্পত্য জীবন। তার মধ্যেই দুর্ঘটনা কেড়ে নিল দু’জনকেই। পরপর এই মৃত্যুতে দুই পরিবারের পাশাপাশি শোকে স্তব্ধ দুই গ্রামের মানুষজন।
  • Link to this news (বর্তমান)