• টিউবওয়েল অকেজো, পানীয় জলের সমস্যায় জেরবার জয়নগর-মজিলপুর
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: জয়নগর-মজিলপুর পুরসভার অধিকাংশ ওয়ার্ডে ডিপ টিউবওয়েল অকেজো অবস্থায় পড়ে। অভিযোগ, সেগুলি মেরামতির দিকে কোনো নজর নেই পুর কর্তৃপক্ষের। ফলে পানীয় জলের সমস্যায় জেরবার হতে হচ্ছে নাগরিকদের। স্থানীয় কাউন্সিলারদের জানানো হলেও কোনো প্রতিকার হয়নি বলে অভিযোগ। 

    এই প্রসঙ্গে জয়নগর- মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, আর্থিক সমস্যার জন্যই মেরামত করতে অসুবিধা হচ্ছে। তাই আমরাও চাইছি দ্রুত এই বিষয়ে কিছু করতে।

    জয়নগর- মজিলপুর পুরসভার ১৪টি ওয়ার্ড। এর মধ্যে অধিকাংশ ওয়ার্ডে পানীয় জলের জন্য ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল পুরসভার পক্ষ থেকে। কিন্তু চলতি বছরের কয়েক মাস ধরেই তা খারাপ অবস্থায় পড়ে আছে। ৩ নম্বর ওয়ার্ডে বেলে রোড থেকে শুরু করে ১১ নম্বর ওয়ার্ডে রাধাবল্লভ পাড়া সংলগ্ন এলাকায়, ৮ নম্বর ওয়ার্ডে কাঁসারিপাড়া, ঘোষপাড়া সহ বিভিন্ন জায়গায় কল অকেজো। 

    ভুক্তভোগী নাগরিকদের অভিযোগ, এমনিতেই ট্যাপ কলে পানীয় জল সরবরাহ ঠিক মতো হয় না। তার মধ্যে ডিপ টিউবওয়েল খারাপ। দোকান থেকে কিনে পানীয় জলের সমস্যা মেটাতে হচ্ছে। খুব দুর্ভোগের মধ্যে পড়েছি। পুরসভা থেকে শুরু করে কাউন্সিলারদের জানানো হলেও কাজ হয়নি। কল কবে মেরামত হবে, জানা নেই। রোজ জলের ড্রাম কিনে কিনে নাজেহাল হয়ে যাচ্ছি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)