আজও বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ একাধিক জেলায় ‘কমলা’ অ্যালার্ট
বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা, ৩ সেপ্টেম্বর: মঙ্গলবার মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। চূড়ান্ত দুর্ভোগে সাধারণ মানুষ। আজ, বৃহস্পতিবারও বৃষ্টি থেকে রেহাইয়ের সম্ভাবনা নেই। উল্টে সকাল ১১টা পর্যন্ত একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা ছাড়াও এই তালিকায় আছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদীয়া ও বীরভূম। প্রবল বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বাংলা ছেড়ে আপাতত মধ্যপ্রদেশের উপরে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপটি। সমুদ্র থেকে অনেকটা দূরে চলে গেলেও এর শক্তিক্ষয় হয়নি। এই কারণেই দক্ষিণবঙ্গে এখনও অব্যাহত বৃষ্টি। আজ দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
এদিকে, টানা বৃষ্টির জেরে সামান্য কমেছে শহরের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শহরের সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৯.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস কম। ভোর সাড়ে ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শহরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭৮.২ মিলিমিটার।