• পিএফ পোর্টালে সমস্যা চলছেই, বিপাকে গ্রাহক
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএফ গ্রাহক ও পেনশনভোগীদের সুষ্ঠু পরিষেবা দিতে প্রযুক্তি ক্ষেত্রে খোলনলচে বদলের সিদ্ধান্ত নিয়েছিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। গত প্রায় দু’বছর ধরে ধাপে ধাপে সেই প্রক্রিয়া চলে। কেন্দ্রীয় সংস্থাটি ঘোষণা করেছে, তাদের নয়া প্রযুক্তি আনার কাজ শেষ। কিন্তু সুষ্ঠু পরিষেবা দেওয়া দূরে থাক, স্বাভাবিক পরিষেবা পেতে এখনও কালঘাম ছুটছে গ্রাহকদের। অভিযোগ, ইপিএফও পোর্টালটি ঠিকভাবে কাজ করছে না। প্রযুক্তিগত পরিবর্তনের দোহাই দিয়ে গত জুন মাসের শেষের দিকে পোর্টাল একেবারে বন্ধ করা হয় চার দিনের জন্য। সেই ব্ল্যাক আউটের পর আশা ছিল, সুষ্ঠু পরিষেবা মিলবে। তবে পিএফ কর্তৃপক্ষ নিজেই ঘোষণা করে, প্রাথমিকভাবে সমস্যায় পড়বেন গ্রাহক। সপ্তাহ দু’য়েক এই সমস্যার মধ্যে নিয়ে যেতে হবে গ্রাহকদের। কিন্তু বহু গ্রাহকের অভিজ্ঞতা বলছে, দুমাস পেরিয়ে গেলেও, সুষ্ঠু পরিষেবা এখনও দূর অস্ত। যাঁরা পিএফ থেকে অগ্রিম টাকা নেওয়ার জন্য আবেদন করছেন, তাঁরা সেই কাজ যেমন সুষ্ঠুভাবে করতে পারছেন না, তেমনই ক্লেম তোলার ক্ষেত্রেও বহু সময় লেগে যাচ্ছে, অভিযোগ এমনই। এদিকে প্রযুক্তিগত ত্রুটির কারণেই গত জুলাই মাসের পেনশন সঠিক সময় পাননি প্রবীণরা। চলতি মাসেও একাংশের বক্তব্য, পেনশন এখনও মেলেনি। পিএফ কর্তৃপক্ষের দাবি, এবার পেনশন সংকট নেই। তবে পোর্টালের সমস্যা যে পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি, মেনে নিয়েছেন দপ্তরের কর্তাদের একাংশ।
  • Link to this news (বর্তমান)