• উৎসবের মুখে ফের কমছে সোনার দর, দিন দশেকে নামল ১০ হাজার
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই উৎসবের মরশুম। তার আগেই ফের নীচের দিকে নামছে সোনার দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা। অথচ মঙ্গলবারই সেই দর ছিল ১ লক্ষ ৫৪ হাজার ১৫০ টাকা। অর্থাৎ একদিনে দর কমেছে ১ হাজার ৬৫০ টাকা। কমেছে ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না সোনার দামও। শহরে এদিন এই সোনার দর গিয়েছে ১০ গ্রাম পিছু ১ লক্ষ ৪৪ হাজার ৯৫০ টাকা। তাও একদিনের তফাতে প্রায় দেড় হাজার টাকা কম। অথচ পরিস্থিতি দিনকয়েক আগেও এমন ছিল না। গত ২৪ আগস্ট কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর পৌঁছে যায় ১ লক্ষ ৬৩ হাজার ১০০ টাকায়। সেই তুলনায় এই কদিনে দাম কমেছে প্রায় ১০ হাজার টাকার বেশি।

    কেন কমছে হলুদ ধাতুর দর? বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এমনিতেই সোনার দামের টালমাটাল পরিস্থিতি চলছে। গতমাসের শেষের দিকে আমেরিকার শীর্ষ ব্যাংক ফেডারাল রিজার্ভের তরফে ইঙ্গিত মেলে, তারা সুদের হার বাড়াতে পারে। তার কারণ, সেদেশে মূল্যবৃদ্ধিকে বাগে আনা যাচ্ছে না। যেখানে তাদের মূল্যবৃদ্ধির হার সর্বোচ্চ ২ শতাংশে রাখার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, তা পৌঁছে গিয়েছে ৩.৭ শতাংশে। পাশাপাশি সেদেশের কাজের বাজারও যথাযথ নয়, এমনই তথ্য উঠে এসেছে সম্প্রিতিক রিপোর্টে। এই পরিস্থিতিতে সুদের হার বৃদ্ধির পূর্বাভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা। মার্কিন সুদের হার বৃদ্ধি পেলে বিনিয়োগকারীদের নজর সোনা থেকে সরে যাওয়ার কথা, এমনটাই বলছেন, তাঁরা। বাজারে সোনার দামে তারই ইঙ্গিত মিলছে। তবে হলুদ ধাতুর দরের নীচের দিকে নামার প্রবণতা চলতে থাকবে, এমনটাও বলতে রাজি নন অনেকেই। কারণ, করোনা পরবর্তী ক্ষেত্রে সোনার দর নিয়ে প্রায় কোনো পূর্বাভাসই তেমন সফল হয়নি।
  • Link to this news (বর্তমান)