• মাইথন-পাঞ্চেত থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়ছে DVC, পরিস্থিতির দিকে নজর নবান্নের
    News18 বাংলা | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: নবান্নে হাই অ্যালার্ট ৷ মাইথন-পাঞ্চেত থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়ছে ডিভিসি ৷ পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন। সেই জল ইতিমধ্যেই ছাড়তে শুরু করেছে দুর্গাপুর ব্যারেজ।

    ডিভিসির চেয়ারম্যানকে ফোন মুখ্যসচিবের, জল ছাড়ার পরিমাণ কমানোর অনুরোধ — চার জেলাকে সতর্ক থাকার নির্দেশ ৷ মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।

    কেন একসঙ্গে এত পরিমাণ জল ছাড়া হচ্ছে, ডিভিসির চেয়ারম্যানের কাছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চান মুখ্যসচিব। বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে জলাধারগুলিতে জল বেড়েছে ৷ সেই কারণেই জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে বলে খবর।

    পরিস্থিতি বিবেচনা করে জল ছাড়ার পরিমাণ যতটা সম্ভব কমানোর জন্য ডিভিসির চেয়ারম্যানকে অনুরোধ মুখ্যসচিবের। ডিভিসির জল ছাড়ার জেরে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া—এই চার জেলার জেলাশাসককে সতর্ক করল নবান্ন।

    আজ, বৃহস্পতিবার বিকেলের পর থেকে দামোদরের নিম্ন অববাহিকার নিচু এলাকাগুলিতে জলস্তর বাড়তে পারে, সেই কারণে আগাম প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।

    দামোদরের নিম্ন অববাহিকার নিচু এলাকার বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী নিরাপদ জায়গায় সরানোর ব্যবস্থা রাখতে চার জেলার জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের।

    এসডিআরএফ-সহ বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখতে বলা হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা যায়। একইসঙ্গে সেচ দফতরের আধিকারিকদের নদীর জলস্তরের উপর প্রতিনিয়ত নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
  • Link to this news (News18 বাংলা)