• কর্নেলকে নিয়ে ‘কুমন্তব্য’: সুপ্রিম-নির্দেশের পরেও মন্ত্রীর বিরুদ্ধে মামলায় অনুমতি দেবে না মধ্যপ্রদেশ সরকার
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • অপারেশন সিঁদুরের সময় সাংবাদিক বৈঠক করে প্রচারের আলোয় উঠে এসেছিলেন ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি। তাঁর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মধ্যপ্রদেশের মন্ত্রী কুঁয়ার বিজয় শাহের বিরুদ্ধে মামলা চালাতে মধ্যপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেখানকার মোহন যাদবের সরকার সিদ্ধান্ত নিয়েছে, তারা মন্ত্রীর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দেবে না।

    সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অগস্ট এ বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা পাঠানোও হয়েছিল রাজ্যপালের কাছে। তিনিও মন্ত্রিসভার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। সম্ভবত, আগামী কয়েক দিনের মধ্যেই মধ্যপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে তাদের সিদ্ধান্তের কথা জানাবে।

    সূত্রের খবর, সরকারের এই সিদ্ধান্তের নেপথ্যে কয়েকটি কারণ রয়েছে। এক, ঘটনার পরে মন্ত্রীর বিরুদ্ধে কেউ অভিযোগ জানাননি। পুলিশও এফআইআর দায়ের করেনি। দুই, মন্ত্রী তাঁর বক্তব্যে সরাসরি কর্নেল সোফিয়া কুড়েশির নাম নেননি। তিন, মন্ত্রীর মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি। সেই রকম কোনও অভিপ্রায়ও তাঁর ছিল না। চার, মন্ত্রী অতীতে একাধিক বার তাঁর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

    প্রসঙ্গত, কুরেশি অপারেশন সিঁদুরের সাংবাদিক বৈঠক করার পরে শাহ মন্তব্য করেছিলেন, ‘যারা আমাদের বোনেদের বৈধব্য দিয়েছে, তাদেরই এক বোনকে আমরা পাঠিয়েছি তাদেরই শিক্ষা দিতে।’ এই মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়। পরে শাহের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিশেষ তদন্তকারী দল (সিট)। কিন্তু সিটের অনুরোধ সত্ত্বেও কী কারণে মামলার ছাড়পত্র দিতে দেরি করা হলো, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। তার পরেই শাহের বিরুদ্ধে মামলা চালাতে নির্দেশ দেয় শীর্ষ আদালত।

  • Link to this news (এই সময়)