Big Breaking: মাঝআকাশে বিমানে হঠাৎ অসুস্থ পাইলট। সঙ্গে সঙ্গে বিমানে সৃষ্টি হয় জরুরি পরিস্থিতির। তিনি বিমান চালানোয় অসমর্থ হওয়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয় বিমানটি। জানা গিয়েছে, দোহা থেকে বেঙ্গালুরু যাওয়ার পরেই ইন্ডিগোর ওই আন্তর্জাতিক বিমানকে ওমানের মাসকট বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়ালেও শেষ পর্যন্ত বিমানটি নিরাপদেই মাসকটে অবতরণ করে।
বৃহস্পতিবার IndiGo-র 6E 1302 বিমানটি দোহা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রাপথে মাঝআকাশে উড়ানের এক ক্রু সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায়, বিমানের পাইলটই অসুস্থ হয়ে পড়েছিলেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিমানটিকে নিকটবর্তী নিরাপদ বিমানবন্দরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পাইলটের শারীরিক অসুস্থতার কারণে বিমানে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়। একটি সূত্রের দাবি, পাইলট মাঝআকাশে কার্যত দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছিলেন এবং এর পরেই বিমানটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। বিমানটিকে মাসকটের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
বিমানটি নিরাপদে মাসকট বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পরে অসুস্থ ক্রু সদস্যকে বিমানবন্দরে ট্রিটমেন্ট করে মেডিক্যাল টিম। পরে ইন্ডিগো জানিয়েছে, সংশ্লিষ্ট পাইলটের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।