এই সময়, রায়গঞ্জ: রায়গঞ্জ জেলা ও দায়রা আদালত চত্বরে আইনজীবীদের অস্থায়ী বসার জায়গা বা সেরেস্তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই প্রতিবাদে বুধবার মিছিল করলেন আইনজীবীরা। তাঁদের অভিযোগ, গত ৩১ অগস্ট জেলা বিচারকের তরফে একটি নির্দেশিকা জারি করে আদালত চত্বরে অস্থায়ী নির্মাণগুলি ভেঙে ফেলার কথা বলা হয়। সেই নির্মাণগুলির মধ্যেই রয়েছে বহু আইনজীবীর দীর্ঘদিনের সেরেস্তা।
এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ জন্মায়। সঠিক পুনর্বাসনের ব্যবস্থা না-করে এ ভাবে আইনজীবীদের বসার জায়গা ভেঙে ফেলার নির্দেশের প্রতিবাদে এ দিন আদালত চত্বরেই বিক্ষোভ দেখান তাঁরা।
বিষয়টি নিয়ে উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সায়ন চৌধুরী বলেন, 'এত কম সময়ের নোটিসে দীর্ঘদিন ধরে ব্যবহৃত সেরেস্তা ভেঙে ফেলার নির্দেশ কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। সেরেস্তা ভাঙার আগে আইনজীবীদের বসার জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দিতে হবে। আমাদের দাবি মানা না-হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।' আজ, বৃহস্পতিবার ওই নির্দেশিকার প্রতিবাদে 'পেন ডাউন' কর্মসূচির ঘোষণা করেছেন আইনজীবীরা।