এই সময়: দীর্ঘদিনের অচলায়তন ভেঙে অবশেষে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। বছরের পর বছর একই জায়গায় কর্মরত স্বাস্থ্য আধিকারিকদের জন্য এ বার বড়সড় বদলির আদেশনামা জারি করল স্বাস্থ্য ভবন।
বুধবারের সেই সরকারি নির্দেশের ধাক্কায় একলপ্তে ১৮০ জন নন-মেডিক্যাল ডেপুটি ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে অন্যত্র বদলি করা হয়েছে।
এর আগে রাজ্যের সরকারি শিক্ষক–চিকিৎসকদের ক্ষেত্রেও একই ধরনের কড়া বদলি নীতি কার্যকর করেছিল সরকার। এ বার সেই একই পথে হেঁটে ১৮০ জনকে বদলি করা হলো। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে সকলকে নিজেদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে, অন্যথায় তাঁদের ‘রিলিজ়ড’ বলে ধরে নেওয়া হবে।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, একসঙ্গে এত বিপুল সংখ্যক নন-মেডিক্যাল সুপারের বদলির ঘটনা রীতিমতো বেনজির। তবে এই পদক্ষেপ খুব একটা অপ্রত্যাশিত ছিল না। রাজ্য সরকার আগেই স্পষ্ট করে দিয়েছিল, দীর্ঘদিন এক জায়গায় পোস্টিং থাকার প্রথা অচিরেই বন্ধ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও এ নিয়ে আভাস দিয়েছিলেন। সেই মতোই পদক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর। প্রশাসনিক স্বচ্ছতা ও কাজের গতি বাড়াতেই এই উদ্যোগ বলে জানাচ্ছেন শীর্ষস্থানীয় স্বাস্থ্যকর্তারা।