কলকাতা থেকে রাঁচি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে যাত্রিবাহী বাস। বুধবার গভীর রাতে ঝাড়গ্রাম থানার গজাশিমুলে খড়্গপুর-চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘাটে। পুলিশ জানিয়েছে, ঘটনায় বাসের চালক উদিত শর্মা এবং খালাসি প্রমথ এক্কা আহত হয়েছেন। চালকের বাঁ পা ভেঙে গিয়েছে এবং খালাসি মাথায় চোট পেয়েছেন। তাঁরা ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে, বাসে থাকা ২০ জন যাত্রীই সুরক্ষিত আছেন।
বাসের চালক উদিত জানান, কলকাতা-রাঁচি রুটে বেসরকারি বাসটি চলাচল করে। বুধবার রাতে কলকাতা থেকে যাত্রী নিয়ে রাঁচির উদ্দেশে যাচ্ছিল। সকাল ৭টায় রাঁচি পৌঁছনোর কথা ছিল। রাত তখন প্রায় ১টা। গজাশিমুলে পৌঁছয় বাস। সেই সময়ে জাতীয় সড়কের উপরে একটি লরি খারাপ হয়ে দাঁড়িয়েছিল। সেই লরিকে পাশ কাটিয়ে যাওয়ার সময়েই ঘটে দুর্ঘটনা।
সামনে থেকে অন্য (news in bengali) একটি গাড়ি চলে আসে। বাসটি সেই গাড়িতে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানের জমিতে ঢুকে যায়। ঘটনায় চালকের পা ভেঙে যায়। ঝাড়গ্রাম থানার পুলিশ চালক ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অন্যদিকে বাসে থাকা যাত্রীদের অন্য একটি গাড়িতে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।