• ‘প্রার্থীও জুটবে না’, হাওড়ায় পুরবোর্ড বিরোধী শূন্য করার হুঙ্কার রাহুল সিনহার
    প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • পুজো মিটলেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ফের একবার ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এককভাবেই লড়াইয়ের কথা জানিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এমনকী সব পুরসভাতেই বিজেপি জয় পাবে তাও জানান। কার্যত এবার একই কথা শোনা গেল রাহুল সিনহার বক্তব্যে। তাঁর দাবি, হাওড়া পুরসভায় এবার বিরোধী শূন্য পুরবোর্ড হতে চলেছে। কারণ বিরোধীরা হাওড়া পুরসভার আসন্ন নির্বাচনে ঠিকমতো প্রার্থীই দিতে পারবে না।

    হাওড়া বোর্ড দখলে কার্যত একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা হাওড়া পুরসভা ভোটে হাওড়ায় দলের সাংগঠনিক দায়িত্বে থাকা রাহুল সিনহা। ওয়ার্ড ধরে ধরে বৈঠক করছেন নেতা-কর্মীদের সঙ্গে। বৈঠক শেষে বুধবার রাহুল সিনহা বলেন, ‘‘দলের কর্মীদের কাছ থেকে যা রিপোর্ট পাচ্ছি তাতে বিরোধীদল হাওড়ায় প্রায় শূন্য অবস্থায় আছে। বিরোধীদল নির্বাচনের মধ্যে তাদের ঘর গুছিয়ে উঠতেই পারবে না। এরকম অবস্থায় আছে। জনগণও বিরোধী রাজনৈতিক দল যারা আছে তাদের কাউকে আর পছন্দ করছে না।’’ বিজেপি নেতার কথায়, ‘‘এতদিন হাওড়ার মানুষ ডবল ইঞ্জিন সরকার দেখেছে এবার হাওড়ার মানুষ ট্রিপল ইঞ্জিন সরকার করে হাওড়ার মাটিতে ছোটাবে। যাতে ব্যাপক উন্নয়ন হাওড়াতে হয়। যে উন্নয়নটা এতদিন মমতা ব্যানার্জি করতে দেয়নি। ভোট না করে হাওড়াকে পুরো পিছিয়ে রেখে দিয়েছে। আর তাই আজকে হাওড়ার এই কঠিন অবস্থা। সেইজন্য আমরা মনে করি, হাওড়ার যে উন্নয়ন সেই উন্নয়ন আমরা করাবো।’’

    পাশাপাশি রাহুল আরও জানান, বিজেপির তরফে আগামী হাওড়া পুরসভা নির্বাচনে উপযুক্ত প্রার্থীই দেওয়া হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘উপযুক্ত মানুষকেই আমরা প্রত্যেকটি ক্ষেত্রে প্রার্থী হিসেবে নির্বাচন করাবো। আর সেই প্রার্থী হিসেবে চিহ্নিত করার কাজ আমরা আর কিছুদিন বাদে থেকেই শুরু করবো।’’ প্রসঙ্গত, বুধবার হাওড়া পুরসভার ১ ও ৬ নম্বর ওয়ার্ডে দলের সাংগঠনিক পরিস্থিতি কী তা জানতেই এই ওয়ার্ডগুলির বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন রাহুল। দলের ওয়ার্ড ও বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করার পর রাহুল সিনহা বললেন, ‘‘যা দেখলাম হাওড়ায় আগামী পুর নির্বাচনের জন্য দলের কার্যকর্তারাও তৈরি আছে মানুষও তৈরি আছে।” 
  • Link to this news (প্রতিদিন)