• MRI করাতে গিয়েছিলেন রোগী, ২০২৮ সালের অ্যাপয়েন্টমেন্ট দিল দিল্লির হাসপাতাল, কারণ কী?
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • স্লিপটা হাতে পেয়ে শাহজাদের মনে হয়েছিল, তারিখ লিখতে বোধহয় ভুল করেছেন হাসপাতাল কর্মী। MRI করানোর অ্যাপয়েন্টমেন্ট স্লিপে লেখা — ২১ ডিসেম্বর, ২০২৮! কাউন্টারের কর্মীকে বিষয়টি চেক করতে বলায় তিনি নিশ্চিত করেন ‘তারিখটি একেবারে ঠিক লেখা হয়েছে।’

    ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, MRI করাতে দিল্লির অন্যতম বড় সরকারি হাসপাতাল, লোকনায়ক জয়প্রকাশ হাসপাতাল (LNJP Hospital)-এ গিয়েছিলেন ৪৬ বছরের শাহজাদ। কিন্তু পরীক্ষা করানোর জন্য যে তারিখ তাঁকে দেওয়া হলো, তা দেখে কার্যত হতবাক তিনি। অর্থাৎ MRI করানোর জন্য তাঁকে প্রায় আড়াই বছর অপেক্ষা করতে হবে। দিল্লির AIIMS-এ হার্টের অপারেশনের জন্য ১৩ বছর অপেক্ষা করার পরেও মেলেনি তারিখ। মৃত্যু হয় কিশোরী তানভি পারিয়ানির। সেই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে গোটা দেশেই। সেই আবহে এ বার সামনে এল দিল্লির অন্য এক হাসপাতালে MRI টেস্টের জন্য আড়াই বছরের অপেক্ষা করতে বলার ঘটনা।

    সাহারানপুরের বাসিন্দা শাহজাদ পেশায় গাড়িচালক। শারীরিক সমস্যার কারণে MRI করানোর প্রয়োজন ছিল তাঁর। সেই মতো দিল্লির সরকারি হাসপাতালে যোগাযোগ করেন তিনি। কিন্তু হাসপাতাল থেকে পাওয়া অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেখে প্রথমে তাঁর বিশ্বাসই হয়নি। তাঁর মনে হয়েছিল, তারিখ লিখতে গিয়ে হাসপাতাল কর্মীর ভুল হয়েছে। পরে জানা যায়, ওই হাসপাতালে MRI করাতে গেলে এমনই দীর্ঘ সময় ওয়েটিং পিরিয়ড থাকবে। কারণ, তারও আগে রয়েছে বহু অসুস্থ মানুষ।

    এই পরেই দিল্লির সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এর নেপথ্যে রয়েছে একাধিক সমস্যা। সরকারি হাসপাতালের কাছে পর্যাপ্ত MRI মেশিন নেই। তার সঙ্গে রয়েছে কর্মীর ঘাটতিও। ফলে বিপুল সংখ্যক রোগীর চাপ সামলাতে গিয়ে প্রতিদিন সীমিত সংখ্যক MRI টেস্ট করা সম্ভব।

    LNJP হাসপাতালে বর্তমানে প্রতিদিন মাত্র ১০টি MRI পরীক্ষা করা হচ্ছে। ফলে সরকারি হাসপাতালে অপেক্ষা করে MRI করাতে চাওয়া রোগীদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। চাহিদার তুলনায় পরীক্ষার সংখ্যা অত্যন্ত কম হওয়ায় তৈরি হয়েছে দীর্ঘ ওয়েটিং লিস্ট।

    শাহজাদের মতো বহু রোগীকেই এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। গুরুতর অসুস্থতা নির্ণয় বা চিকিৎসার পরবর্তী ধাপ ঠিক করতে অনেক ক্ষেত্রেই MRI অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে পরীক্ষার জন্য দু’বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হলে রোগীদের মূল চিকিৎসা কতটা পিছিয়ে যেতে পারে, তার উদাহরণই দেখা গিয়েছে শাহজাদের ঘটনায়। এই প্রসঙ্গে উঠে আসছে Delhi AIIMS-এ তানভির মৃত্যুর ঘটনাও।

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুধু MRI মেশিনের সংখ্যা নয়, প্রশিক্ষিত কর্মীর ঘাটতিও টেস্টের সংখ্যা কমিয়ে দিচ্ছে। একটি মেশিনের উপরেই বিপুল সংখ্যক রোগীর চাপ রয়েছে। ফলে মেশিনের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেও চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

    রোগীর সংখ্যা সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন। কিন্তু তাতেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি বলে অভিযোগ। ফলে MRI করাতে আসা রোগীদের অপেক্ষার সময় ক্রমশ বেড়েই চলেছে। বর্তমানে অন্তত অপেক্ষার গড় সময় আড়াই বছর।

    শাহজাদের ২০২৮ সালের অ্যাপয়েন্টমেন্টের বিষয়টি দিল্লির সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিকাঠামোর চাপের বাস্তবতাকে ফের সামনে এনে দিয়েছে। ২০২৫ সালের নভেম্বরে ওই হাসপাতালেই শাহজাদের পিটুইটারি গ্রন্থির টিউমার যা পিটুইটারি অ্যাডেনোমা নামে পরিচিত, তা অপসারণের জন্য অস্ত্রোপচার হয়েছিল। তার পরে সমস্যা হওয়ায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন শাহজাদ। তিনি চিকিৎসককে জানিয়েছিলেন, তাঁর সাংঘাতিক মাথার যন্ত্রণা হচ্ছে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মাথায় শিরশির করে। খুব ব্যথা করে। ব্যথায় রাতে ঘুম ভেঙে যায়।’ এর পরেই তাঁকে ফলো-আপ MRI করানোর জন্য বলেছিলেন চিকিৎসক। সরকারি হাসপাতাল ছাড়া বেসরকারি জায়গায় টেস্ট করানোর মতো আর্থিক সঙ্গতি ছিল না তাঁর। তাই LNJP-তে টেস্টের জন্য নাম লেখাতে গিয়েছিলেন তিনি।

    একদিকে সরকারি হাসপাতালে তুলনামূলক কম খরচে চিকিৎসার জন্য রোগীর ভিড় বাড়ছে, অন্য দিকে সেই অনুপাতে ডায়গনস্টিক পরিকাঠামোর উন্নতি না হওয়ায় এবং কর্মীর সংখ্যা না বাড়ায় পরিষেবা পেতে তৈরি হচ্ছে সমস্যা।

    জানা গিয়েছে, ওই হাসপাতালে প্রতিদিন প্রায় ৫ হাজার রোগী OPD-তে আসেন। চিকিৎসকের থেকে পরামর্শ পেলেও টেস্টের সুযোগ পেতে করতে হয় লম্বা অপেক্ষা। এই বিষয়ে প্রশ্ন করা হলে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানান, LNJP হাসপাতালে MRI স্ক্যানের জন্য অপেক্ষার সময় কমাতে সিএসআর-এর মাধ্যমে একটি নতুন মেশিন সংগ্রহ করা হয়েছে এবং গত সপ্তাহেই সেটি ইনস্টল করা হয়েছে। ফলে ভবিষ্যতে রোগীদের এই অপেক্ষার অবসান হবে বলে আশা তাঁর।

  • Link to this news (এই সময়)