• কঙ্কালীতলা মন্দিরে ঢুকল কোপাইয়ের জল, ভাসছে একাধিক এলাকা
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে জলের তলায় বীরভূমের বিভিন্ন জায়গা। বোলপুরের কঙ্কালীতলা মন্দিরের চাতাল পর্যন্ত পৌঁছে গিয়েছে কোপাইয়ের জল। কোপাইয়ের জল বিপদসীমা অতিক্রম করায় প্রায় এক ফুট জলে ডুবেছে সতীপীঠ কঙ্কালীতলা মন্দির। পুণ্যার্থী যাঁরা আসছেন, তাঁরা আপাতত শিবমন্দিরেই শিবের সঙ্গে মায়েরও পুজো দিচ্ছেন।

    এর আগে মন্দির চত্বরে জল জমতে শুরু করায় পুণ্যার্থীরা কোমর, হাঁটু জল পার করে মন্দিরে প্রবেশ করছিলেন। বুধবার রাতভর ভারী বৃষ্টির পরে বৃহস্পতিবার জল আরও বেড়েছে। ফলে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। নদীর জল মন্দিরের চাতাল পর্যন্ত চলে এসেছে।

    মন্দিরের পুরোহিত বুদ্ধদেব ঠাকুর বলেন, ‘বাইরে থেকে ভক্তরা আসছেন। তাই আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। আগেও সরকারকে অনুরোধ করেছি, একটা ওভারব্রিজ করে দিক ফুলের দোকান থেকে মায়ের কাছে যাওয়ার চাতাল পর্যন্ত। দুর্যোগের সময়ে যাতে ভক্তদের অসুবিধায় পড়তে না হয়। কোনও সরকার যদি এটা করে দেয়, খুব সুবিধা হবে। আমরা অভ্যস্ত। কিন্তু সকলে তো অভ্যস্ত নন। বাচ্চা নিয়েও আসেন অনেকে, বয়স্ক লোকেরাও আসেন। যদি বিপদ ঘটে।’

    প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও বৃষ্টি হচ্ছে। স্বাভাবিক ভাবেই তার জন্য বেড়েছে ময়ূরাক্ষীর জলস্তর। জলস্তর বাড়তেই তিলপাড়া জলাধার থেকে ছাড়া হলো প্রায় ৭৯০০ কিউসেক জল। জলের তলায় সাঁইথিয়া কজ়ওয়ে। সিউড়ির সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন বেহিরা, ভেজেনা, পড়াম-সহ প্রায় দশটি গ্রামের। অন্য দিকে কোপাই নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করায় জলে ডুবেছে কোপাই নদীর সেতু। তবে তার মধ্য দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত। অন্য দিকে দুবরাজপুরের শাল নদীর কজ়ওয়েও জলের তলায়। যার জন্য বন্ধ যাতায়াত।

  • Link to this news (এই সময়)