রাজ্যে নামবে আরও ১০০০ এসি বাস, এবার পশ্চিমবঙ্গ থেকে মিলবে বিহার-মহারাষ্ট্র-সিকিমের বাসও
আজ তক | ০৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করেছে রাজ্য সরকার। তবে বাসে উঠে কোনও কোনও ক্ষেত্রে কন্ডাক্টরদের কাছে হেনস্থার হতে হচ্ছে মহিলাদের। এমন একাধিক অভিযোগ সামনে এসেছে। তা নিয়ে এবার পদক্ষেপ করছে পরিবহণ দফতর।
আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন পরিবহণ মন্ত্রী। তিনি জানান, সরকারি বাস স্টপেজে না দাঁড়ানোর বা মহিলা প্যাসেঞ্জার না তোলার মতো অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য সরকারের সতর্ক নজর রয়েছে। একাধিক পদক্ষেপও করা হচ্ছে। বাসের মধ্যে মহিলা-সহ সব যাত্রীদের নিরাপত্তার জন্য বাস কন্ডাক্টরদের বডি ক্যামেরা বাধ্যতামূলক করছে সরকার। পরিবহ মন্ত্রীর আশা এতে অভিযোগ কমবে, সমস্যার সমাধানও দ্রুত সম্ভব হবে।
অর্জুন সিং বলেন, 'স্টপেজে বাস দাঁড়াচ্ছে না। এমন অভিযোগ আসছে। মাতৃশক্তি অভিযোগ করছে, আমাদের সঙ্গে কন্ডাক্টররা খারাপ ব্যবহার করছেন। সেজন্য আমরা বাসে কন্ডাক্টদের বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করছি। তার টেন্ডার হয়ে গিয়েছে। এই মাসের মধ্যে সেই সব দেওয়া হবে। কন্ট্রোল রুমের সঙ্গে ক্যামেরার সংযোগ থাকবে। সরাসরি তা তদারকি করা যাবে। কোনও কোনও বাসে কন্ডাক্টররা গাফিলতি থাকে।'
তবে মন্ত্রী আরও জানান, বাসে কোনও কোনও সময় আধার কার্ড না সঙ্গে রাখার কারণে সমস্যায় পড়তে হচ্ছে মহিলাদের। তাঁর আবেদন, মোবাইলেও আধার কার্ড রাখলে হবে। তাহলেই সমস্যা এড়ানো যাবে।
দূরপাল্লার বাস বুকিং করেও অনেক মহিলা যাচ্ছেন না বলে অভিযোগ করেন অর্জুন সিং। তাঁর সংযোজন, 'দূরপাল্লার সরকারি বাস বুকিং করেও অনেকে যাচ্ছেন না। ফলে গোটা বাস খালি যাচ্ছে। এতে সরকারের ক্ষতি হচ্ছে। অনেক মহিলা যেতে পারছেন না। তাই শুধু শুধু বুকিং না করা ভালো।'
বাড়ছে বাস
একই সঙ্গে পশ্চিমবঙ্গে সরকারি বাস পরিষেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। তাঁর ঘোষণা, দুর্গাপুজোর মধ্যে রাজ্যে আরও নতুন এসি বাস নামানো হবে। আগামী মার্চের মধ্যে প্রায় ১,০০০টি নতুন বাস রাস্তায় নামানোর লক্ষ্য নেওয়া হয়েছে। পুজোর মধ্যেই অনেক বাস নেমে যাবে রাস্তায়।
টোল ফ্রি নম্বর
বাস সংক্রান্ত যেকোনও সমস্যা বা অভিযোগ জানাতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। জানালেন পরিবহণ মন্ত্রী। তাঁর কথায়, 'রাস্তায় নেমে অনেকে সমস্যায় পড়েন। বাসে উঠেও। সেক্ষেত্রে সরকার নতুন টোল ফ্রি নম্বর চালু করেছে। বাসে উঠে যে কোনও সমস্যায় পড়লে সেই সব নম্বরে ফোন করা যাবে। NBSTC বা উত্তরবঙ্গের বাসের জন্য টোর ফ্রি নম্বর ৯০৪৬২২৯০২৫, SBSTC বা দক্ষিণবঙ্গের জন্য ৭৬৯৯৯৯৩৯৩০, CTC, ইবিএসটিসির জন্য ৮৬৯৭৭৩৩৩৯২ ও ৮৬৯৭৭৩৩৩৯১।
বেসরকারি বাসও বাড়ছে
প্রায় হাজার খানেক সরকারি বাসের সঙ্গে সঙ্গে দূরপাল্লার সরকারি ও বেসরকারি বাসের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেই বাসগুলি পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা, মহারাষ্ট্র, বিহার ও সিকিমের মতো রাজ্যের সঙ্গে বাস চলাচল নিয়ে চুক্তি করা হচ্ছে। চুক্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে ওই রাজ্যগুলিতে বাস চলবে এবং বাসগুলিতে পশ্চিমবঙ্গ লেখা থাকবে।
বেকার যুবকদের জন্য কম খরচে বাস পারমিট এবং ছোট অটো-টোটো চালুর সুযোগ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পরিবহণ ক্ষেত্রে প্রায় ৪.৩৫ কোটি টাকার উদ্যোগের কথাও জানানো হয়েছে। অন্যদিকে, ওলা-উবেরের মতো অ্যাপ-ক্যাবগুলিকে অবিলম্বে কমার্শিয়াল নম্বর প্লেট করতে হবে। এর জন্য এক মাসের সময়সীমা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে বিষয়টি জানানো হয়েছে।