ফের বিপাকে কালীঘাটপন্থী তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। সোশাল মিডিয়া পোস্টে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হল জামিন অযোগ্য ধারায় মামলা। ডায়মন্ড হারবারের সাইবার ক্রাইম থানায় জনৈক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই মামলা। আগামী শনিবার তাঁকে সাইবার ক্রাইম দপ্তরে হাজিরার জন্য ডেকে পাঠানো হয়েছে। যেহেতু সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য মামলায় জড়িয়েছেন সাংসদ, তবে কি এবার গ্রেপ্তার হবেন মহুয়া? এই প্রশ্ন উঠছে। এনিয়ে এখনও কৃষ্ণনগরের সাংসদের প্রতিক্রিয়া মেলেনি।
গত ১ সেপ্টেম্বর রাতে নিজের এক্স হ্যান্ডলে পুলিশ অফিসারদের নিয়ে একটি পোস্ট করেছিলেন মহুয়া মৈত্র। তাতে তাঁর অভিযোগ ছিল, উত্তরবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি অনুষ্ঠানে রাজ্যের মুসলিম আইপিএস, আইএএস-দের ব্রাত্য করে রাখা হয়েছিল। এ প্রসঙ্গে তিনজনের নাম পোস্টে উল্লেখ করেছিলেন তিনি। শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা, এসটিএফের ডিজি জাভেদ শামিম ও আইএএস খলিল আহমেদকে সেই অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয়নি, আবার কাউকে আমন্ত্রণই জানানো হয়নি। তাতে মহুয়ার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু প্রশাসকদের বাদ দেওয়া হয়েছে।
এই পোস্টেই আপত্তি তুলেছেন ডায়মন্ড হারবারের এক ব্যক্তি। তিনি সাইবার ক্রাইম থানায় মহুয়া মৈত্রর বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে মামলা দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতেই আগামী শনিবার বেলা ১১টায় তাঁকে তলব করেছে পুলিশ। ওইদিন মহুয়াকে সাইবার ক্রাইম দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।উল্লেখ্য, এমনিতে মহুয়ার বিরুদ্ধে হাই কোর্টে একটি মামলা বিচারাধীন। কৃষ্ণনগর সার্কিট হাউসে তাঁর উপর ডিম-হামলার ঘটনা নিয়ে মামলা করতে গেলে সাংসদকেই উচ্চ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়। যদিও সেই মামলায় হাই কোর্টের নির্দেশ মেনে তিনি থানায় হাজিরা দিয়েছিলেন। এবার ডায়মন্ড হারবার সাইবার থানায় কি যাবেন মহুয়া?