নিয়ম না মেনেই চলছিল বেসরকারি নার্সিংহোম বলে অভিযোগ। এই নিয়ে ওই নার্সিংহোম কর্তৃপক্ষকে নোটিস দেওয়াও হয়। তার পরেও নিজেদের ভুল সংশোধন করেননি ওই নার্সিংহোম কর্তৃপক্ষ। এর পরেই পদক্ষেপ করল হুগলি জেলার স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার রাতে ‘সিলড’ করে দেওয়া হয়েছে ধনিয়াখালির ওই নার্সিংহোমটি। পরিকাঠামোর কিছু অভাব আছে তা স্বীকার করেছেন ওই নার্সিংহোম কর্তৃপক্ষ। এরই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
পরিকাঠামোর অভাব
হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালির মদনমোহনতলা এলাকার একটি নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল। ক্লিনিক্যাল এস্টাবলিসমেন্ট অ্যাক্ট (Clinical Establishment Act) না মেনেই ওই বেসরকারি নার্সিংহোমটি চলছিল বলে অভিযোগ। সেই সঙ্গে ওই নার্সিংহোমে ন্যূনতম পরিকাঠামোর বালাই ছিল না বলেও অভিযোগ। সেখানে আরএমও, উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত নার্সিং স্টাফ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ।
আগেও নোটিস
জানা গিয়েছে, গত জুলাই মাসেই নার্সিংহোম বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর। দিন কয়েক বন্ধ থাকলেও সেখানে আবার রোগী ভর্তি শুরু হয়। এই নিয়ে ফের অভিযোগ আসতেই ওই নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) মৃগাঙ্ক মৌলিক। এর পরেই বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ গিয়ে নার্সিংহোম সিল করে দেন ডেপুটি সিএমওএইচ-১ ত্রিদীপ মুস্তাফি এবং ধনিয়াখালির বিএমওএইচ।
ডেপুটি সিএমওএইচ ১ বলেন, ‘এই নার্সিংহোমে স্বাস্থ্য আইনের কোনও নিয়ম-কানুনই মানা হয়নি। এই জন্য একাধিকবার নোটিস দেওয়াও হয়। কিন্তু তার পরেও সেগুলি মানা হয়নি। এই কারণেই সিএমওএইচের নির্দেশে এই নার্সিংহোম সিল করে দেওয়া হয়েছে।’
হুঁশিয়ারি নার্সিংহোম কর্তৃপক্ষর
স্বাস্থ্য দপ্তরের অভিযোগ যে কিছুটা হলেও সত্যি না স্বীকার করেছেন ওই নার্সিংহোমের পরিচালক কেনারাম দে। সেই সঙ্গেই স্বাস্থ্য আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কেনারাম দে বলেন, ‘কোন নার্সিংহোমে আরএম ও, জিএনএম নার্সিং স্টাফ সব সময় থাকেন না। আগে থাকে না জানিয়ে পরিদর্শন করতে এলে তা দেখতে পারবেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।’ ব্যক্তিগত আক্রোশের জেরেই ওই নার্সিংহোম বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি তাঁর। সব কিছু ঠিক করে লাইসেন্স রিনিউ করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলেও জানিয়েছেন তিনি।