• বর্ধমান মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া নিখোঁজ, বেঁধেছে রহস্য
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • রহস্যজনক ভাবে নিখোঁজ বর্ধমান মেডিক্যাল কলেজের এক পড়ুয়া। এমবিবিএস চতুর্থ বর্ষের ওই পড়ুয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার দুপুরের পর থেকে ওই পড়ুয়ার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না।  বৃহস্পতিবার ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না বর্ধমান মেডিক্যাল কলেজের এমবিবিএসের ফাইনাল ইয়ারের এক পড়ুয়ার। বর্ধমান শহরের গোলাপবাগ মোড়ের একটি আবাসনে থাকতেন ওই পড়ুয়া। বুধবার দুপুরের পর আবাসন থেকে বেরিয়ে যান তিনি। তার পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। বাড়ির লোকজন তাঁর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। সহপাঠীরাও এই নিয়ে কিছু জানাতে পারেননি।

    এর পরেই ওই পড়ুয়ার পরিবারের তরফে বিষয়টি জানানো হয় বর্ধমান থানায়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার, পরিবারের তরফে অভিযোগ জানানোর পরে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে।

    আধিকারিকরা জানিয়েছেন, ওই আবাসনেও যায় পুলিশ। আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই পড়ুয়া কখন আবাসন থেকে বেরিয়েছেন, তাঁর সঙ্গে কেউ ছিলেন কি না, কোথায় গিয়েছেন—এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই পড়ুয়ার খোঁজ পেতে তাঁর সহপাঠী এবং পরিচিতদের সঙ্গেও কথা বলছে পুলিশ। তল্লাশি শুরু হলেও বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি ওই পড়ুয়ার।

    ফাইনাল ইয়ারের ওই পড়ুয়ার হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় বর্ধমান মেডিক্যাল কলেজের অন্দরেও চাঞ্চল্য তৈরি হয়েছে। সেই সঙ্গে উদ্বিগ্ন তাঁর সহপাঠীরাও।

  • Link to this news (এই সময়)