• বেশি কয়লা তুলে ক্ষতি সামলে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ইসিএলের
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, আসানসোল: গত আর্থিক বছরের ক্ষতি কাটিয়ে চলতি অর্থবর্ষে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা বাড়াল রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)। বৃহস্পতিবার ইসিএল-এর সাঁকতোড়িয়া সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংস্থার সিএমডি সতীশকুমার ঝা জানান, গত বছরের তুলনায় এ বার চার মিলিয়ন টন বেশি কয়লা উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি বাজে খরচ কমিয়ে সংস্থাকে পুনরায় লাভের মুখ দেখানোই প্রধান লক্ষ্য।

    সিএমডি জানান, গত অর্থবর্ষে ইসিএল ইতিহাসে সর্বাধিক প্রায় ৫৩ মিলিয়ন টন কয়লা উত্তোলন করলেও সংস্থাটিকে ১২৫৭ কোটি টাকার লোকসানের মুখ দেখতে হয়। ওই সময়ে 'পাওয়ার গ্রেড' কয়লার চাহিদা অত্যন্ত কম থাকায় আশানুরূপ সরবরাহ সম্ভব হয়নি। চলতি অর্থবর্ষে ইসিএল-এর কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬ মিলিয়ন টন, যা ২০৩৪-৩৫ অর্থবর্ষের মধ্যে ৮১ মিলিয়ন টনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

    অগস্ট মাস পর্যন্ত ইসিএল ১৯.১৬ মিলিয়ন টন কয়লা উত্তোলন করে ফেলেছে, যা বিগত বছরের তুলনায় অনেকটাই বেশি। পুনর্গঠনের অংশ হিসেবে খনির সংখ্যা ৮১ থেকে কমিয়ে ৭৭-এ আনা হয়েছে, যার মধ্যে বর্তমানে ২০টি খনি লাভজনক এবং ৫৭টি লোকসানে চলছে।

  • Link to this news (এই সময়)