• সীমান্তবর্তী জেলা হয়ে উঠেছে জাল আধার-প্যান তৈরির হাব, সতর্ক করলেন শমীক ভট্টাচার্য
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে জাল আধার ও প্যান কার্ড তৈরির চক্র সক্রিয় বলে অভিযোগ করলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। ওই এলাকা হয়ে উঠেছে জাল আধার-প্যান তৈরির হাব বলেও দাবি তাঁর। একই সঙ্গে তাঁর দাবি, সীমান্তবর্তী জেলাগুলিকে ব্যবহার করা হচ্ছে ‘ যাতায়াতের করিডর’ হিসেবে। এই কারবার যে কোনও মূল্যে বন্ধ করতে বলেও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার বারাসত-টাকি রোড সংলগ্ন এলাকায় চাকলা ও কচুয়া ধামের পুণ্যার্থীদের জন্য আয়োজিত সেবাশিবিরে এসে এই কথা বলেন তিনি।

    রাজ্যে ক্ষমতায় এসেই সীমান্ত এলাকাকে সুরক্ষিত করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ বা কোনও রকম অপরাধমূলক কাজ বন্ধ করতে ‘জ়িরো টলারেন্স’ নীতি নেওয়ার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও। এই লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

    আর, এরই মধ্যে বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসত-টাকি রোডের শিমুলতলায়  চাকলা ও কচুয়া ধামের পুণ্যার্থীদের জন্য আয়োজিত সেবাশিবিরে এসেছিলেন শমীক ভট্টাচার্য। সেখানেই, সীমান্ত এলাকায় জাল আধার ও প্যান কার্ড তৈরির চক্র সক্রিয় বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে তাঁর অভিযোগ, সীমান্তবর্তী জেলাগুলিকে ব্যবহার করে যাতায়াত করছে লস্কর-ই-তৈবা এবং আইএসআই-এর মতো উগ্রপন্থী সংগঠনের সদস্যরা। ওই এলাকায় জঙ্গি সদস্যরা স্থায়ী ডেরা গড়ছে বলেও দাবি করেন তিনি। তবে এই সব যে আর কোনও মতেই বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন রাজ্যসভার এই সাংসদ। তিনি বলেন, ‘এই কারবার যে কোনও মূল্যে বন্ধ করতেই হবে।’

    একই সঙ্গে, ওয়াকফ সম্পত্তি নিয়েও তৃণমূলকে নিশানা করেন  বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, তৃণমূল আমলে ওয়াকফ সম্পত্তি নিয়ে লুটপাট অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে। এই লুট বন্ধ করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছে বলে দাবি করেন তিনি। ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতার নামে রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দু মহিলাদের ওপর হামলা, ট্রেনে আগুন এবং হিন্দুদের বাড়ি-সম্পত্তি লুটের অভিযোগও তোলেন তিনি। তবে বিষয়টি প্রশাসনিক স্তরের বলে জানিয়ে এ নিয়ে আর মন্তব্য করতে চাননি তিনি।

  • Link to this news (এই সময়)