এই সময়, নয়াদিল্লি: বিধানসভা ভোটে বঙ্গে রাজনৈতিক পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতো এ রাজ্যেও কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি)৷ রাজ্য সরকারের তরফে এ নিয়ে একটি কমিটি গড়া হয়েছে দেশের শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইকে মাথায় রেখে৷ বৃহস্পতিবার দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে এই কমিটির প্রথম বৈঠক হয়েছে৷
সরকারি সূত্রের দাবি, প্রথম বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি চালু করার আগে রাজ্যবাসীর অভিমত জানতে চাইবে রাজ্য সরকার৷ বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে, কী ভাবে রাজ্যবাসী সরকারের সামনে তাঁদের অবস্থান জানাতে পারবেন৷ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও তাঁদের মতামত জানাতে পারবেন সরকারের কাছে৷ এর জন্য তৈরি হবে একটি ডেডিকেটেড ওয়েবসাইট৷
পাশাপাশি কমিটির সদস্যরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে গিয়ে ‘পাবলিক হিয়ারিং’ করে রাজ্যবাসীর অভিমত সংগ্রহ করবেন৷ সে সব তৈরি হলে আলোচনার ভিত্তিতে কমিটি একটি খসড়া প্রস্তাবনা তৈরি করবে৷ সেটা রাজ্য মন্ত্রিসভায় অনুমোদিত হলেই চূড়ান্ত করা হবে পশ্চিমবঙ্গে ইউসিসি প্রণয়নের রূপরেখা৷ সরকারি সূত্রের দাবি, দিল্লিতে আয়োজিত এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনার দুষ্মন্ত নারিয়ালা, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং, প্রিন্সিপাল সেক্রেটারি সঙ্ঘমিত্রা ঘোষ, বঙ্গবাসী কলেজের নৃতত্ত্ব বিভাগের প্রাক্তন প্রধান রত্না ভটাচার্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ–উপাচার্য গোপালচাঁদ মিশ্র, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক প্রমুখ৷