এই সময়: আইনি পড়ুয়াদের কাজকর্ম নিয়ন্ত্রণের কোনও এক্তিয়ার ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া’ (বিসিআই)–এর নেই—হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে বৃহস্পতিবার নিজের অবস্থান স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বৃহস্পতিবার এই মর্মে নির্দেশ জারি করে। নালসার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান বিচারপতির যোগদানের বিরুদ্ধে পড়ুয়াদের বিক্ষোভ থেকেই বিতর্কের সূত্রপাত।
একটি মামলার প্রেক্ষিতে দেশের বেকার যুবসমাজের একাংশকে ‘আরশোলা’ বলা এবং প্রতিবাদীদের উপরে পুলিশি নির্যাতনের ভিডিয়ো দেখতে না চাওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সিজেআই। সেই কারণেই সিজেআই–কে সমাবর্তনের প্রধান অতিথি করতে রাজি হননি পড়ুয়ারা। এর পরই বিসিআই আচমকা নির্দেশিকা জারি করে, নালসার ২০২৬–এর ব্যাচের কোনও পড়ুয়া যেন রাজ্যের বার কাউন্সিলগুলোতে আইনজীবী হিসেবে প্র্যাক্টিসের সুযোগ না পান। এই নিয়ে বিতর্ক শুরু হওয়ায় বিসিআই পরে নির্দেশিকা প্রত্যাহার করলেও ততক্ষণে এই নিয়ে মামলা হয়ে গিয়েছে।
সেই মামলায় সিজেআই আগেই বলেছিলেন, ‘এটা আমার ও পড়ুয়াদের মধ্যে ব্যাপার, বিসিআই এটাতে ঢুকছে কেন?’ বৃহস্পতিবার ফের একবার প্রধান বিচারপতির বেঞ্চের বক্তব্য, ‘আইনি পড়ুয়াদের কাজকর্ম নিয়ে কোনও সিদ্ধান্ত যদি নিতে হয়, তা হলে সেটা একেবারেই বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপার। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার এ ব্যাপারে কোনও এক্তিয়ার বা অধিকার নেই। কোনও পড়ুয়া আইনে স্নাতক হওয়ার পরে অ্যাডভোকেট হিসেবে রেজিস্ট্রেশন করলে তবে বার কাউন্সিলের হস্তক্ষেপের প্রশ্ন আসে। কিন্তু নালসারের এই পড়ুয়ারা তো অ্যাডভোকেট হিসেবে এখনও এনরোলড নন। ফলে, বার কাউন্সিল তাঁদের ব্যাপারে এমন নির্দেশিকা জারি করতে পারে না।’