• সোনিপতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা, মৃত ৫, জখম ৯
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • উত্তরপ্রদেশের সোনিপতের খারখোদা এলাকায় কেএমপি এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ। গুরুতর জখম নয় শ্রমিক।

    পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানে চেপে পিলভিটের বাদেপুরা গ্রামের ১৪ জন শ্রমিক ঝাজ্জরে যাচ্ছিলেন বাজরার খেতে কাজ করতে। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ কুন্ডিল-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে গোপালপুর গ্রামের কাছে ট্রাকের সঙ্গে শ্রমিকদের গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান তিন শ্রমিক। পরে হাসপতালে মারা যান আরও দু'জন। গুরুতর জখম তিন শ্রমিক খারখোদার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। ছয় জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রোহতকের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ শুক্রবার জানায়, মৃত শ্রমিকদের ময়নাতদন্ত হয়েছে সোনিপতের সিভিল হাসপাতালে।

    প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, কী কারণে দুর্ঘটনা তা এখনও নিশ্চিত জানা যায়নি। এলাকার সিসিটিভি-র ফুটেজ দেখে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা হচ্ছে। খোঁজ চলছে ট্রাকের চালকেরও। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই প্রথমে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করেন। ট্রাকের সঙ্গে ভ্যানের এত জোরে ধাক্কা লাগে যে, গাড়িটি দুমড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার দিয়ে ভ্যানের দরজা কেটে সবাইকে বের করে এবং প্রথমে তাঁদের খারখোদার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায়।

    স্থানীয় সূত্রে খবর, পিলভিটের অনেক শ্রমিক ঝাজ্জর ও তার আশপাশের এলাকায় সারা বছরই চাষের জমিতে দিনমজুরের কাজ করতে যান। ভোরে কাজে গিয়ে সন্ধ্যায় ফের পিলভিটে ফিরে আসেন শ্রমিকরা। সাধারণত পিকভ্যান ভাড়া করেই কাজে যান তাঁরা।

  • Link to this news (এই সময়)