• পাঁচ দিন পর কাটল জট, শনিবার থেকে সচল হিলি
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, হিলি: পাঁচদিন বন্ধ ছিল হিলি স্থলবন্দর। বুধবার জেলা সফরে এসে বিষয়টি জানতে পেরে হিলি দিয়ে আমদানি–রপ্তানি স্বাভাবিক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর হয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি৷ বৈঠকে উপস্থিত ছিলেন হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ মণ্ডল, সহ সভাপতি রাজেশ আগরওয়াল প্রমুখ। শুক্রবার জন্মাষ্টমির ছুটি থাকায় শনিবার থেকে হিলি দিয়ে শুরু হবে আমদানি রপ্তানি।

    বৈঠক শেষে বিকাশ মণ্ডল বলেন, ‘জেলাশাসকের সঙ্গে একাধিক বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ব্যবসায়ীদের যে সমস্যাগুলি রয়েছে, সেগুলি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে অন্যান্য স্থলবন্দরে ব্যবসায়ীরা যে সুযোগ সুবিধা পান, হিলি স্থলবন্দরেও যাতে একই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই দাবিও জানানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার থেকে হিলি দিয়ে রপ্তানি ও আমদানি শুরু হবে।’ গত ৩০ অগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। স্লট বুকিং করে যাওয়া লরিতে ওভারলোডিং পুলিশ বন্ধ করায় সমস্যা তৈরি হয়৷ এখানকার ব্যবসায়ীদের দাবি ছিল, অন্য পোর্টগুলিতে স্লট বুকিংয়ে যাওয়া লরিতে ওভারলোডিং মাল যায়। ওভারলোডিং মাল না নিলে ক্ষতির সন্মুখীন হতে হচ্ছিল তাঁদের। এরপর ব্যবসা বন্ধের পথে হাঁটেন ব্যবসায়ীরা। টানা পাঁচদিন আমদানি রপ্তানি বন্ধ থাকায় সরকারের প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। অন্যদিকে, হিলি পার্কিং এলাকা থেকে শুরু করে রাস্তায় প্রায় ৩০০টি পণ্যবাহী লরি আটকে রয়েছে। ফলে দ্রুত বাণিজ্য স্বাভাবিক না হলে লরির পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

    বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎকুমার রায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্যা সমাধানের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশা করছি দ্রুতই এই সীমান্ত বাণিজ্য পুনরায় স্বাভাবিক হয়ে যাবে।’ জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, ‘আজ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। ওদের সমস্যাগুলো গুরুত্ব সহকারে শোনা হয়েছে। আশা করছি দ্রুত সমস্যা মিটে যাবে।

  • Link to this news (এই সময়)