এই সময়, ইসলামপুর: ইসলামপুর শহরের তৃণমূলের সদর কার্যালয় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিযুক্ত একটি পুরোনো ব্যানার সরিয়ে ফেলা এবং পরে সেটিকে পুরসভার বর্জ্যবাহী গাড়িতে করে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে।
শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের সদর কার্যালয়ে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ একটি বড় ব্যানার লাগানো ছিল। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন ইসলামপুরের বর্তমান বিধায়ক কানাইয়ালাল আগারওয়াল নিয়মিত সন্ধ্যায় এই পার্টি অফিসে বসতেন। বুধবার রাতে ওই ব্যানারটি খুলে ফেলে তার পরিবর্তে নতুন একটি ব্যানার লাগানো হয়। নতুন ব্যানারে শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়েছে। পুরোনো ব্যানারটি কার্যালয়ের সামনেই পড়ে ছিল। বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, ইসলামপুর পুরসভার একটি বর্জ্যবাহী গাড়ি এসে সেটি তুলে নিয়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, “কানাইয়ালাল কুল বাঁচানোর চেষ্টা করছেন। তিনি ইসলামপুরের মানুষকে দেখাতে চাইছেন যে, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। কিন্তু বিধানসভায় গিয়ে অন্য শিবিরের অনুগামী হয়ে যাচ্ছেন।’ সিপিআইএমের ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক মহম্মদ সামি খান বলেন, ‘এটাই তৃণমূলের নীতি। এরা স্বার্থপর রাজনীতি করে।’ এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে কানাইয়ালাল আগারওয়ালের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।