• গর্ভে থাকতে মানত, দুধের সন্তানকে কাঁধের বাঁকে নিয়ে ২৮ কিমি হেঁটে চাকলার লোকনাথধামে বাবা
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • প্রথম সন্তান প্রত্যেক দম্পতির কাছে অত্যন্ত আবেগের। তার সঙ্গে জড়িয়ে থাকে কত আশা, কত স্বপ্ন। গর্ভে থাকতেই মানত করেছিলেন বাবা। প্রথম সন্তানকে সঙ্গে নিয়ে যাবেন চাকলার লোকনাথধামে গিয়ে পুজো দেবেন। কথা রাখলেন বাবা। কাঁধের বাঁকে দুধের সন্তানকে নিয়ে ২৮ কিলোমিটার হেঁটে পুজো দিতে রওনা বাবার।

    জন্মাষ্টমী উপলক্ষে কাঁধে বাঁক নিয়ে হেঁটে চলেছেন অনেকেই। লক্ষ্য় চাকলার লোকনাথধাম। তার মাঝে একটি বাঁক একেবারেই অন্যরকম। একটি ঝুড়ি। সেটি আবার লাল-নীল টুনি আলোতে সাজানো। ভিতরে শুয়ে রয়েছে মাসছয়েকের সন্তান। আর তাকে কাধে নিয়ে হেঁটে চলেছেন বাবা সৌরভ বিশ্বাস। প্রায় ২৮ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দত্তপুকুর থেকে চাকলার লোকনাথধাম গন্তব্য তাঁর। ওই তরুণ বলেন, “প্রথম সন্তান হওয়ার কথা জানামাত্রই মানত করেছিলাম। তাই লোকনাথ বাবার কাছে যাচ্ছি।” কষ্ট হচ্ছে, তা স্বীকার করছেন।

    তবে বাবার দাবি, “আমি একা নয়। আমার সঙ্গে ভাই-সঙ্গীরা রয়েছে। তাই ভালো লাগছে।” বাবার এই মানতপূরণের কাহিনি সোশাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই রামায়ণের শ্রবণ কুমারের সঙ্গে তুলনা করছেন। শ্রবণ কুমার দৃষ্টিশক্তিহীন বাবা-মাকে বাঁকে বসিয়ে তীর্থযাত্রায় নিয়ে গিয়েছিলেন। তা পিতৃ-মাতৃভক্তির নিদর্শন। এবার যেন সন্তান স্নেহের সঙ্গে মিলেমিশে একাকার ঈশ্বর ভক্তি। যার প্রশংসা না করে পারছেন না কেউ।

    প্রসঙ্গত, লোকনাথ পুজো ঘিরে এবার চাকলা ও কচুয়া মন্দিরে ভক্তসমাগম বাড়ার সম্ভাবনা। ইতিমধ্যেই তোরণ ও ব্যানারে সেজে উঠেছে দুই মন্দিরমুখী রাস্তা। কয়েক লক্ষ মানুষের ভিড় সামলাতে নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে প্রস্তুত পুলিশ প্রশাসন। পুণ্যার্থীদের সুবিধায় একাধিক ব্যবস্থা করেছে মন্দির কমিটিও। বুধবার চাকলার মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন বারাসত পুলিশ জেলার সুপার জে মার্সি।
  • Link to this news (প্রতিদিন)