• উত্তরবঙ্গমুখী সব ট্রেনই বাতিল, কবে স্বাভাবিক হবে পরিষেবা? জানাল পূর্ব রেল, বিকল্প ব্যবস্থা রয়েছে কি?
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • নাগাড়ে ভারী বৃষ্টির জেরে নিউ ফরাক্কা জংশন স্টেশনের ঢোকার মুখে কেবিনের কাছে আপ লাইনের নীচের মাটি বসে গিয়েছে। যার জেরে বুধবার রাত থেকে ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত ওই পথে। রাজ্যের উত্তর ও দক্ষিণাংশের মধ্যে সংযোগকারী এই রুটে অসংখ্য ট্রেন বাতিল হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। শুক্রবারও পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা না থাকায় বাতিল করা হয়েছে উত্তরবঙ্গগামী সব ট্রেনই। তার ফলে চরমে যাত্রীদের ভোগান্তি। এই পরিস্থিতিতে পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা জানালেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক (সিপিআরও) শিবরাম মাঝি।

    সিপিআরও এই সময় অনলাইন-কে জানান, বৃহস্পতিবার রাতে ধস নামায় ট্রেন পরিষেবা স্বাভাবিক করার কাজ খানিক বাধাপ্রাপ্ত হয়েছিল। পরে আবার যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। শনিবারই যাতে পরিষেবা স্বাভাবিক করা যায়, আপাতত সেই চেষ্টা করছে রেল। সিপিআরও বলেন, ‘শুক্রবার উত্তরবঙ্গগামী সব ট্রেনই বাতিল করা হয়েছে। শনিবারই যাতে ট্রেন পরিষেবা পুরোপুরি শুরু করে দেওয়া যায়, আমরা সেই চেষ্টাই করছি। সেই কারণেই শুক্রবার সব ট্রেনই বাতিল করা হয়েছে, যাতে আমাদের গোটা ফোর্স এই কাজেই থাকতে পারে।’

    যাত্রীদের জন্য কি বিকল্প ব্যবস্থার কথা ভেবেছে রেল? শিবরাম বলেন, ‘ট্রেন পরিষেবা বিপর্যস্ত হওয়া আমরাও ভীষণ উগ্বিগ্ন। কিন্তু এটা তো প্রাকৃতিক দুর্যোগ। যত দ্রুত সম্ভব সব কিছু মেরামত করার চেষ্টা করছি। আপাতত বিকল্প ব্যবস্থা নিয়ে কিছু ভাবা হয়নি।’ এ নিয়ে শিয়ালদের ডিআরএম রাজীব স্যাক্সেনাকেও মেসেজ করা হয়। কিন্তু তাঁর তরফ থেকেও এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনও জবাব মেলেনি।

    পূর্ব রেল জানিয়েছে, বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে— হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-সহরসা হাটে বাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস, কলকাতা-যোগবনী এক্সপ্রেস, হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, হাওড়া-কাটিহার এক্সপ্রেস। এ ছাড়াও বাতিল ট্রেনের তালিকায় রয়েছে— হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, মালদা টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন।

    বৃহস্পতিবার রাত থেকে ট্রেন পরিষেবা বিপর্যস্ত হওয়ায় স্বাভাবিক ভাবেই বিকল্প হিসেবে বাসে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন অনেকে। তাঁদের জন্য রাতে কিছু স্পেশাল বাসের ব্যবস্থাও করা হয়। ধর্মতলা বাস টার্মিনাসের টিকিট কাউন্টারের কর্মীরা জানান, বৃহস্পতিবার রাতে স্পেশাল বাসের ব্যবস্থা করা হয়েছিল বলে শুক্রবার বাসের ঘাটতি দেখা দিয়েছে। ফলে এই বিপুল যাত্রীর চাপ কী ভাবে সামলানো সম্ভব, তা নিয়ে খানিক সংশয়ে রয়েছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)