ক্রীড়াক্ষেত্রে বড়সড় উদ্যোগ নিল উত্তরবঙ্গ, ভারতীয় ফুটবলে শীঘ্রই দেখা যাবে নতুন দুটি ক্লাবকে, থাকছেন ব্রাজিলের কাফুও, কী ঘোষণা হবে জানেন?
আজকাল | ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: শতবর্ষ পেরিয়ে এবার নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে আর্য টি কোম্পানি লিমিটেড। দার্জিলিংয়ের আর্য টি এস্টেটকে কেন্দ্র করে এবার ক্রীড়া ও পর্যটন ক্ষেত্রে বড়সড় উদ্যোগ নিতে চলেছে সংস্থা।
প্রায় ৪০ একর জমির উপর তৈরি হতে চলেছে ‘সিদ্রা হিলস স্পোর্টস অ্যান্ড ওয়েলনেস রিসর্ট’। সংস্থার দাবি, রাজ্যের পার্বত্য অঞ্চলে এই ধরনের প্রথম স্পোর্টস ও ওয়েলনেস রিসর্ট হতে চলেছে এটি।
আগামী ৬ সেপ্টেম্বর এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হবে যেখানে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি কাফু। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তাপস রায়, পর্যটন দপ্তরের মন্ত্রী শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁয়ের।
আর্য টি কোম্পানির ডিরেক্টর বিরাজ বনসল জানিয়েছেন, ‘প্রায় ২১৫ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে এই অত্যাধুনিক স্পোর্টস ও ওয়েলনেস রিসর্ট। এখানে থাকবে ১০০টিরও বেশি বিলাসবহুল ঘর ও ভিলা।
পাশাপাশি ফুটবল, বাস্কেটবল, টেনিস-সহ একাধিক খেলাধুলোর জন্য থাকবে বিশেষ পরিকাঠামো। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য থাকবে অল-টেরেন ভেহিকল বা ATV-এর ব্যবস্থাও।
পরিকল্পনা অনুযায়ী ২০৩১ সালের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।’ তবে শুধু রিসর্ট নির্মাণেই থেমে থাকছে না আর্য টি কোম্পানির উদ্যোগ। পাহাড় ও উত্তরবঙ্গের ফুটবল প্রতিভাকে তুলে আনতে তৈরি হচ্ছে দুটি নতুন ফুটবল ক্লাব ‘দার্জিলিং ওয়ারিয়র্স’ এবং ‘নর্থ বেঙ্গল ফাইটার্স’।
দুই ক্লাবেরই থাকবে নিজস্ব অ্যাকাডেমি। কাফুর উপস্থিতিতেই এই দুই ক্লাবের পথচলা শুরু হওয়ার কথা। দার্জিলিং ওয়ারিয়র্স নিয়ে বিশেষভাবে আশাবাদী সংস্থার ডিরেক্টর বিরাজ বনসল।
তাঁর বক্তব্য, ‘এই ক্লাবে পাহাড়ের ফুটবল প্রতিভাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।’ অন্যদিকে, নর্থ বেঙ্গল ফাইটার্সের মাধ্যমে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ এবং দিনাজপুরের প্রতিভাবান তরুণ ফুটবলারদের খুঁজে তুলে আনার পরিকল্পনা রয়েছে।
দুই ক্লাবের ডিরেক্টর ও সিইও অপরূপ চক্রবর্তী জানিয়েছেন, ‘স্থানীয় পর্যায়ের কোচদের পাশাপাশি দেশের পরিচিত প্রাক্তন ও বর্তমান ফুটবলার এবং নামী কোচদের নিয়মিতভাবে আমন্ত্রণ জানানো হবে।
বছরে একাধিকবার তাঁদের মাধ্যমে তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকবে।’ ক্লাবগুলির অ্যাকাডেমিকে AIFF এবং IFA-এর স্বীকৃতির আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
সেই পরিকাঠামোর মাধ্যমে পাহাড় ও উত্তরবঙ্গের প্রতিভাবান ফুটবলাররা অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৫ রাজ্য লিগে খেলার সুযোগ পাবেন। পাশাপাশি থাকবে অনূর্ধ্ব-১৪ ফুটসল দল এবং সিনিয়র পুরুষ ও মহিলা ফুটসল দল।
ভবিষ্যতে IFA ও AIFF-এর ফুটসল চ্যাম্পিয়নশিপে সাফল্য পাওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। শুধু রাজ্য বা জাতীয় স্তরে নয়, প্রতিভাবান ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে।
বিরাজ বনসল জানিয়েছেন, ‘নির্বাচিত তরুণ প্রতিভাদের ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন ফুটবল-সমৃদ্ধ দেশে পাঠানো হবে। সেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তাঁরা।’