• কনফার্মড টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে স্টেশনেই তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার রেলকর্মী
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • ট্রেনের কনফার্ম টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলা যাত্রীকে রৌরকেল্লা রেল স্টেশনের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক রেলকর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওডিশার রৌরকেল্লায়। অভিযোগের ভিত্তিতে ৫৪ বছরের রেলকর্মী কপিলেশ্বর সিংকে গ্রেপ্তার করেছে GRP। তিনি রেল বিভাগের IOW (Inspector of Works) বিভাগের ভাল্‌ভ ম্যান পদে কর্মরত ছিলেন। অভিযোগের পরে অভিযুক্ত রেলকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ বছর বয়সি নির্যাতিতা তরুণী ওডিশার নুয়াপাড়া জেলার বাসিন্দা। দুই তুতো ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরু যাওয়ার জন্য রৌরকেল্লা স্টেশনে পৌঁছেছিলেন তিনি। কিন্তু তাঁদের কাছে বেঙ্গালুরু যাওয়ার কনফার্ম টিকিট ছিল না। সেই সুযোগেই অভিযুক্ত রেলকর্মী তাঁকে কনফার্ম টিকিটের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

    পুলিশের বয়ান অনুযায়ী, ওই তরুণী এবং তাঁর দুই তুতো ভাই কাজের জন্য বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেছিলেন। প্রথমে তাঁরা তিতলাগড় থেকে হাতিয়া-যশবন্তপুর এক্সপ্রেসে ওঠার কথা ভেবেছিলেন। কিন্তু ভুল করে অন্য একটি ট্রেনে উঠে পড়েন তাঁরা। পরে পরিস্থিতি বুঝতে পেরে অন্য ট্রেনে রৌরকেল্লায় পৌঁছন।

    বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা নাগাদ তাঁরা রৌরকেল্লা স্টেশনে পৌঁছেছিলেন। এর পরে বেঙ্গালুরু যাওয়ার জন্য কনফার্ম টিকিটের ব্যবস্থা করতে তাঁরা খোঁজখবর শুরু করেন। অভিযোগ, সেই সময়েই স্টেশনে কর্তব্যরত রেলকর্মী কপিলেশ্বর সিং ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করেন।

    তরুণীর অভিযোগ, কপিলেশ্বর তাঁকে কনফার্ম টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাঁর কথায় বিশ্বাস করে তরুণী তাঁর সঙ্গে যান। এর পরে প্ল্যাটফর্ম নম্বর ১-এর চক্রধরপুর প্রান্তে, অফিসার্স রেস্ট হাউসের কাছে থাকা একটি ভাল্‌ভ বা অপারেটর রুমে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, ঘটনার কথা কাউকে জানালে ফল ভালো হবে না বলেও তরুণীকে হুমকি দেয় অভিযুক্ত এবং তাঁকে মুখ বন্ধ রাখার জন্য ২,০০০ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

    অভিযোগ অনুযায়ী, প্রথমবার শারীরিক নির্যাতনের পরে অভিযুক্ত ফের তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন। সেই সময়ে কোনও মতে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যান তরুণী। সঙ্গে সঙ্গে তিনি তাঁর দুই তুতো ভাইকে পুরো ঘটনা জানান। এর পরেই তরুণীর দুই ভাই GRP-এর কাছে পৌঁছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ ।

    তরুণীর অভিযোগের ভিত্তিতে GRP প্রথমে ঘটনার সম্ভাব্য স্থানটি খতিয়ে দেখে। পুলিশ তাঁকে সঙ্গে নিয়ে সেই ভাল্‌ভ রুমেও যায়, যেখানে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। কপিলেশ্বর ঘটনাস্থলে আসার পরে অভিযোগকারিণী তাঁকে শনাক্ত করেন। এর পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

    ১. রৌরকেল্লা রেল স্টেশনে কী অভিযোগ উঠেছে?

    কনফার্ম ট্রেনের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ২০ বছরের তরুণীকে স্টেশনের একটি ভাল্‌ভ রুমে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক রেলকর্মীর বিরুদ্ধে।

    ২. অভিযুক্ত রেলকর্মীর নাম কী?

    অভিযুক্ত রেলকর্মীর নাম কপিলেশ্বর সিং। তাঁর বয়স ৫৪ বছর। তিনি রেলের IOW বিভাগের ভাল্‌ভ ম্যান পদে কর্মরত ছিলেন।

    ৩. কীভাবে তরুণীকে ভাল্‌ভ রুমে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ?

    পুলিশের কাছে করা অভিযোগ অনুযায়ী, বেঙ্গালুরু যাওয়ার জন্য কনফার্ম টিকিটের খোঁজ করছিলেন তরুণী। সেই সময় কপিলেশ্বর সিংহ তাঁকে কনফার্ম টিকিটের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন এবং তাঁর সঙ্গে যেতে বলেন বলে অভিযোগ।

    ৪. কোথায় ধর্ষণের অভিযোগ উঠেছে?

    প্ল্যাটফর্ম নম্বর ১-এর চক্রধরপুর প্রান্তে অফিসার্স রেস্ট হাউসের কাছে থাকা একটি ভাল্‌ভ বা অপারেটর রুমে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

    ৫. ঘটনার পরে কী করেছিলেন তরুণী?

    অভিযোগ অনুযায়ী, ফের শারীরিক নির্যাতনের চেষ্টা হলে তরুণী কোনও মতে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যান। পরে তিনি তাঁর দুই তুতো ভাইকে ঘটনার কথা জানান। এরপর তাঁরা GRP-তে অভিযোগ করেন।

    ৬. অভিযুক্তকে কী ভাবে শনাক্ত করা হয়?

    GRP ঘটনাস্থল পরিদর্শনের সময় অভিযোগকারিণীকে সঙ্গে নিয়ে ওই ভাল্‌ভ রুমে যায়। অভিযুক্ত কপিলেশ্বর সেখানে আসার পরে তরুণী তাঁকে শনাক্ত করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    ৭. অভিযুক্ত রেলকর্মীর বিরুদ্ধে আর কী অভিযোগ রয়েছে?

    অভিযোগ অনুযায়ী, ঘটনার কথা কাউকে জানালে পরিণতি ভাল হবে না বলে তরুণীকে হুমকি দেওয়া হয়েছিল। পাশাপাশি মুখ বন্ধ রাখার জন্য তাঁকে ২,০০০ টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

    ৮. অভিযুক্ত রেলকর্মীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

    অভিযোগের ভিত্তিতে GRP কপিলেশ্বর সিংহকে গ্রেপ্তার করেছে। তাঁকে পরে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের পরে রেল বিভাগ তাঁকে চাকরি থেকে বরখাস্তও করেছে।

  • Link to this news (এই সময়)