• হোটেল-সরকারি আবাসনে থাকার ব্যবস্থা, দুর্ভোগে পড়া পর্যটকদের জন্য কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • ফরাক্কা জংশন স্টেশনের কাছে মাটি ধসে যাওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে রেল পরিষেবা বন্ধ। একাধিক ট্রেন বাতিল হওয়ায় দুর্ভোগে যাত্রীরা। এই অবস্থায় উত্তরবঙ্গে বিশেষত শিলিগুড়িতে আটকে থাকা পর্যটকদের জন্য সরকারি আবাসনে থাকার ব্যবস্থা করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার পর্যটন দপ্তরের একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, পর্যটকদের থাকার ব্যবস্থা করার পাশপাশি বিকল্প পরিষেবার জন্য বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে।

    বৃহস্পতিবার রাত থেকেই শিলিগুড়ি-এনজেপি থেকে শিয়ালদহ, হাওড়া পর্যন্ত রেল পরিষেবা ব্যাহত। শিলিগুড়ি থেকে অনেক পর্যটক কলকাতা বা অন্যান্য জেলায় ফিরতে সমস্যার মধ্যে পড়েছেন। মুখ্যমন্ত্রী জানান, মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালকে পর্যটকদের সুরক্ষার বিষয়ে যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে।

    তিনি জানান, আটকে থাকা সমস্ত ট্রেনের যাত্রীদের মধ্যে খাবার প্যাকেট এবং পানীয় জল বিতরণ করা হচ্ছে। পাশাপাশি রাতেই যাত্রীদের থাকার জন্য সরকারি আবাসন, প্রয়োজনে হোটেল বা বাণিজ্যিক লজ ভাড়া করে বিনামূল্যে থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে।

    উল্লেখ্য, টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার রাতে নিউ ফরাক্কা স্টেশনে উত্তরবঙ্গের দিকে ঢোকার মুখে রেললাইনের একাংশে ধস নামে। আচমকা রেলপথের নীচের মাটি সরে যাওয়ায় বিপাকে পড়ে ট্রেন চলাচল। ঘটনার পরেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেন রেলকর্মীরা। প্রায় ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কাজ সম্পূর্ণ হয়নি।

    শুক্রবার দুপুরে ওই এলাকায় পরিদর্শনে যান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি তিনি রেলের ঊর্ধ্বতন আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে সাংসদ দাবি করেন, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে এবং এ দিন রাত ১২টার মধ্যেই রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে যাবে রেলের অধিকারিকরা।

    সাংসদ বলেন, ‘অতি বৃষ্টির ফলে ফরাক্কা স্টেশনের পাশেই আপ রেললাইনটা পুরোপুরি বসে গিয়েছে। যে কোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। প্রভুর কৃপা ও মানুষের আশীর্বাদে রেলের আধিকারিকরা তৎপরতার সঙ্গে বিষয়টি লক্ষ্য করেই কাজ শুরু করেছেন। ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা দ্রুত কাজ করছেন। রাত ১২টার মধ্যেই কাজ সম্পন্ন হবে এবং ট্রেন চলাচল আবার শুরু হবে।’

  • Link to this news (এই সময়)