প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস। তার জেরে ব্যাহত হাওড়া-মালদা ডিভিশনের ট্রেন চলাচল। বৃহস্পতিবারের পরে শুক্রবারও উত্তরবঙ্গগামী সব ক'টি দূরপাল্লার ট্রেনই বাতিল করেছে পূর্ব রেল। উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, হাওড়া-কাটিহার এক্সপ্রেস-সহ একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। বেশিরভাগ যাত্রীকেই ভরসা করতে হচ্ছে বাসের উপরে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বেশ কিছু স্পেশাল বাস সার্ভিস চালু করছে এ দিনের জন্য। উত্তরবঙ্গগামী বেসরকারি বাস পরিষেবাও রয়েছে। দেখে নেওয়া যাক বিস্তারিত।
কলকাতা থেকে পরিষেবা (৪ সেপ্টেম্বর, শুক্রবার)
কলকাতা-শিলিগুড়ি (মালদা হয়ে): ৬ টি বাস পরিষেবা + বিশেষ পরিষেবা আরও ৯টি
কলকাতা-বালুরঘাট (মালদা হয়ে): ৩টি পরিষেবা রয়েছে + বিশেষ পরিষেবা ২টি
উত্তরবঙ্গ যাওয়ার জন্য বাস পরিষেবা গভীর রাত পর্যন্ত চালু থাকবে।
শিলিগুড়ি থেকে পরিষেবা (৪ সেপ্টেম্বর, শুক্রবার)
শিলিগুড়ি-কলকাতা (মালদা হয়ে): ৬টি পরিষেবা + বিশেষ ১২টি পরিষেবা রয়েছে।
পরিষেবা অন্তত রাত ১২টা পর্যন্ত চলবে। প্রয়োজনে গভীর রাত পর্যন্ত পরিষেবা চালু রাখা হবে।
রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেন, ‘বৃহস্পতিবার থেকেই বিশেষ বাস পরিষেবা চালু রয়েছে। বৃহস্পতিবার ২৩টি অতিরিক্ত বাস চালানো হয়েছে। দুর্গাপুর, বালুরঘাটের বাসগুলিকে শিলিগুড়ি পর্যন্ত চালানো হচ্ছে। কলকাতা থেকে বালুরঘাট ৬টি অতিরিক্ত বাস চালানো হচ্ছে। শিলিগুড়ি থেকে কলকাতাগামী ১৮টি অতিরিক্ত বাস দেওয়া হয়েছে। আজকেও যদি প্রয়োজন হয়, অন্য রুট থেকে বাস এই রুটে চালানো হবে।’
ধর্মতলা থেকে শিলিগুড়ি— বেসরকারি বাসে এই সুযোগে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বাসের ভাড়া দ্বিগুণ, তিন গুণ করে দেওয়ার অভিযোগ আসছে। পরিবহণমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দিয়েছি। প্রয়োজনে পুলিশ প্রশাসন বেসরকারি সংস্থার সঙ্গে কথা বলে যাতে এক পয়সাও ভাড়া বাড়ানো না হয়, সেই ব্যবস্থা করবে।’