• মায়ের সঙ্গে বাজারে যাওয়ার বায়না, বকুনির জেরে গলায় ফাঁস নবম শ্রেণীর ছাত্রীর!
    দৈনিক স্টেটসম্যান | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • মায়ের উপর অভিমান কেড়ে নিল একটি তাজা প্রাণকে। মায়ের সঙ্গে বাজারে যেতে চেয়েছিল নবম শ্রেণীর এক ছাত্রী। মা বাজারে নিয়ে যেতে চাননি। সেই সঙ্গে বাজারে না নিয়ে যাওয়ার জন্যও বকাও দিয়েছিলেন। আর সেই বকাই হল কাল। মায়ের বকা খেয়ে ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী (9th Class Student Death)। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতা ছাত্রীর নাম সঙ্গীতা মণ্ডল। বয়স ১৪ বছর। সঙ্গীতা মণ্ডল স্থানীয় রাধারানি স্কুলের ছাত্রী বলে খবর।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  শুক্রবার নদিয়ার শান্তিপুরের লেবুতলা  এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন  মা বাজারে যাওয়ার সময় সে-ও সঙ্গে যাওয়ার বায়না ধরে। কিন্তু মা তাকে বকা দিয়ে বাড়িতে থাকতে বলেন। তিনি একাই বাজারে চলে যান। মায়ের এই বকা মেনে নিতে পারেনি কিশোরীটি। অভিমান করে কিছুক্ষণ পর সে বাড়ির ঠাকুরঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় (9th Class Student Death)।

    ঘটনাটি প্রথম দেখতে পায় তার মেজো বোন। ঠাকুরঘরে পূজা দিতে গিয়ে সে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। চিৎকার করে সবাইকে ডাকে। তার আর্তনাদে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

    প্রতিবেশী বিশ্বজিৎ মণ্ডল জানান, মেয়েটি মায়ের সঙ্গে বাজারে যাওয়ার জন্য জেদ করেছিল। মা বকলে অভিমান করে ঠাকুরঘরে গিয়ে এই চরম পথ বেছে নেয়। পরে মেজো বোন দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ততক্ষণে সব শেষ।

    সামান্য বকাঝকার জেরে এমন মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ পুরো পরিবার। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

    দেখুন:
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)