• নেপাল হড়পা বান: সীমান্তে নিখোঁজ নদিয়ার যুবক নৃপেন
    দৈনিক স্টেটসম্যান | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • গত মাসের ২৬ তারিখ সকালে নেপালে নেমে আসে বিপর্যয় (Nepal Flash Flood)। আচমকা হড়পা বানে তছনছ হয়ে যায় নেপাল-তিব্বত সীমান্ত-সহ রসুয়া, নুয়াকোটের মতো  বেশ কয়েকটি গ্রাম। ন’দিন পার হয়ে গিয়েছে। এখনও উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে যাচ্ছে। কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়ে নেপাল-চিন সীমান্ত থেকে নিখোঁজ হয়েছেন বাংলার যুবক নৃপেন সরকার(Nripen Sarkar)। নদিয়ার কল্যাণীর বাসিন্দা। বয়স ২৬ বছর। পর্যটন দলের তরুণ গাইড তথা ট্যুর ম্যানেজার হিসেবে গিয়েছিলেন।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, কলকাতার ‘চলো যাই ট্যুর ক্লাব’-এর ব্যবস্থাপনায় গত ২১ আগস্ট রাজ্য থেকে ৩২ জনের একটি প্রতিনিধি দল কৈলাস মানস সরোবরের  উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পুরো দলটিকে গাইড করার দায়িত্ব ছিল কল্যাণী পুরসভার ১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনাথ কলোনির বাসিন্দা নির্মলচন্দ্র সরকারের একমাত্র পুত্র নৃপেন সরকারের (Nripen Sarkar) ওপর। নেপালে স্থানীয় এজেন্সি ‘সম্রাট ট্যুর ট্রাভেলস’-এর সহযোগিতায় দলটি এগোচ্ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী ২৬ আগস্ট সকালে নেপাল-চিন সীমান্ত অতিক্রম করার কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই সীমান্তে হঠাৎ প্রবল হড়পা বান ও ভূমিধস নামে।

    ঘটনার পর থেকে নৃপেন-সহ দলের কারও সঙ্গেই কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। একমাত্র ছেলের নিখোঁজ হওয়ার খবরে কল্যাণীর বাড়িতে এখন শোকের ছায়া ও তীব্র উৎকণ্ঠা। সরকারের কাছে দ্রুত উদ্ধারকাজের আর্জি জানিয়েছেন স্বজনেরা। ঘটনার খবর পাওয়ার পর রাজ্য প্রশাসন ও ট্রাভেল এজেন্সির তরফ থেকে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস এবং স্থানীয় নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে দ্রুত খোঁজ চালানোর চেষ্টা চলছে। নৃপেনের (Nripen Sarkar) বাবা নির্মলচন্দ্র সরকার বলেন, নেপালে হড়পা বানের পর থেকে ছেলের সঙ্গে কোনও রকম যোগাযোগ করা সম্ভব হয়নি। চিন্তায় রাতের ঘুম উড়েছে। ছেলে সুস্থভাবে ঘরে ফিরুক এটাই চাই।

    দেখুন:
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)