• উষ্ণতম আগস্ট! ভরা বর্ষাতেও চুরমার ১২৫ বছরের রেকর্ড, উষ্ণায়নই ‘ভিলেন’? 
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • আবিশ্বাস্য আগস্ট! একটানা বৃষ্টি, মেঘলা আকাশের পরেও উষ্ণতার বিচার ১২৫ বছরের রেকর্ড ভেঙে চুরমার। নেপথ্যে জলবায়ুর পরিবর্তন তথা উষ্ণায়নকেই দায়ী করছেন আবহবিদরা। ১৯০১ সাল থেকে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্যের রেকর্ড সংগ্রহের কাজ শুরু হয় ভারতে। এতগুলি বছরের মধ্যে চলতি বছরের আগস্ট মাসকেই ‘উষ্ণতম আগস্ট’ বলে চিহ্নিত করেছে মৌসম ভবন। কী বলছে তাপমাত্রার হিসাব?

    কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, সদ্যসমাপ্ত আগস্টে দেশের গড় তাপমাত্রা ছিল ২৮.০১ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের দীর্ঘমেয়াদি গড় তাপমাত্রার তুলনায় ০.৬৭ ডিগ্রি বেশি। ১২৫ বছরের মধ্যে এই আগস্টে রাতের গড় তাপমাত্রাও ছিল সর্বোচ্চ। নেপথ্যের কারণ জানিয়েছেন আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি দাবি করেছেন, দেশের একাধিক রাজ্যে আগস্টের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হলেও আদতে এবারে আগস্ট মাসে স্বাভাবিকের তুলনায় ১৬.৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। জুন মাসেও স্বাভাবিকের তুলনায় ৩৫ শতাংশ কম বৃষ্টি হয়েছিল। ১ শতাংশ বেশি বৃষ্টিপাতে জুলাই সেই ঘাটতির খানিক পুষিয়ে দিলেও আগস্টের ঘাটতির জেরে গোটা বর্ষার বৃষ্টিপাতের ঘাটতি ১৪ শতাংশে পৌঁছে গিয়েছে।

    সবচেয়ে বড় সমস্যা হল, দেশের কোনও কোনও রাজ্যের কোনও কোনও জেলায় অতিবৃষ্টি হচ্ছে। এর জেরে বন্যা পরিস্থিতিও তৈরি হচ্ছে। আবার বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে বহু এলাকায়। মৌসম ভবন জানাচ্ছে, দেশের ৭৪১টি জেলার মধ্যে ৩৪৮টি জেলায়, অর্থাৎ ৪৭ শতাংশেরও বেশি জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে। মনে করা হচ্ছে, এর ফলেই আগস্ট মাসে দিনে ও রাতে তাপমাত্রা স্বভাবিকের থেকে বেশি ছিল।

    উল্লেখ্য, দেশের বহু জায়গায় বৃষ্টির ঘাটতি থাকলেও ব্যতিক্রম ছিল ওড়িশা ও দক্ষিণবঙ্গ। সাধারণত আগস্টে নিম্নচাপ প্রভাবিত দিনের সংখ্যা থাকে ১৬। এবার তা সক্রিয় ছিল ২৬ দিন। হাওয়া অফিস জানিয়েছে, আগস্টে বঙ্গোপসাগরে মোট ছ’টি নিম্নচাপ তৈরি হয়েছিল। আইএমডি-র পূর্বাভাস, সেপ্টেম্বরেও দেশের অধিকাংশ এলাকায় বর্ষার বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কমই থাকবে।
  • Link to this news (প্রতিদিন)