ফোনে সিঁধ, ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কলকাতার বুকে মার্কিন প্রতারণা চক্র ফাঁস পুলিশের
প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফের কলকাতায় সাইবার প্রতারণার বিরুদ্ধে চলল অভিযান। ফোন করে মার্কিন নাগরিকদের প্রতারণা করার অভিযোগে বেনিয়াপুকুর লেনের একটি ফ্ল্যাট থেকে ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। গতকাল রাতে এই ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি অবৈধ কল সেন্টার (Fake Call Center in Kolkata) চালানো হচ্ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা। অভিযান চালিয়ে ধৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ-সহ নগদ ১০ লক্ষ ১০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন, মহম্মদ আনাস, আয়ান হোসেন ও সৈয়দ জায়েদ। নিজেদের ‘পেপাল’-এর কর্মী হিসেবে পরিচয় দিত অভিযুক্তরা। সেই পরিচয়ে মার্কিন নাগরিকদের সঙ্গে ভিওআইপি কলের মাধ্যমে যোগাযোগ করা হত। এরপর বিভিন্ন রিমোট কম্পিউটার অ্যাক্সেস অ্যাপ্লিকেশনের সাহায্যে টার্গেটদের কম্পিউটার বা ডিভাইসে প্রবেশ করত প্রতারকরা। সেখান থেকেই হাতিয়ে নেওয়া হত ব্যাঙ্কিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও শংসাপত্র।
পুলিশের দাবি, মার্কিন নাগরিকদের তথ্য ব্যবহার করে টাকাপয়সা আত্মসাৎ করত প্রতারকরা। সেই টাকা অভিযুক্তদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে স্থানান্তর করা হত। পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় ওই ফ্ল্যাট থেকে ৫টি মোবাইল ফোন, ৪টি ল্যাপটপ, ১টি ট্যাব, ৬টি চেকবুক, নগদ ১০ লক্ষ ১০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সন্দেহজনক নথি উদ্ধার করেছে তদন্তকারীরা। এই ঘটনায় মোট কত টাকার প্রতারণা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই চক্রের পিছনে আর কে কে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।