• বিপজ্জনক! অবিলম্বে খালি করতে হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, নোটিস দমকলের
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • অগ্নিনির্বাপন ব্যবস্থায় রয়েছে ব্যাপক ঘাটতি। তাই অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নোটিস দিল দমকল। নোটিসে জানানো হয়েছে বিল্ডিংয়ের বেসমেন্ট, ৬ তলা ও ৭ তলা ব্যবহার করা যাবে না। এই বিল্ডিংয়ের কয়েকটি অংশ ‘বিপজ্জনক’ বলেও দাবি করেছে দমকল। তাই অবিলম্বে ওই বহুতলের ৩টি ফ্লোর খালি করতে হবে। 

    গত সপ্তাহে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এর কয়েকদিন পরে সেখানে অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ রয়েছে কি না তা খতিয়ে দেখতে অভিযান চালায় দমকলের আধিকারিকরা। জানা যায়, ১০ আগস্ট অভিষেকের অফিসের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হলেও পুনর্নবীকরণ করা হয়নি। এছাড়াও বিল্ডিংয়ের বেসমেন্ট, ৬ তলা ও ৭ তলায় ফায়ার সেফটিতে একাধিক ঘাটতি ধরা পড়ে। এই নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলব করে দমকল। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট না হয়ে এবার অভিষেকের অফিস খালি করার নোটিস দিল তারা। শেক্সপীয়র সরণি থানা, পুরসভা ও সিইএসইকে এই নোটিসের প্রতিলিপি পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, ক্যামাক স্ট্রিটের অফিসে অভিযানের পর গত মঙ্গলবার একটি নোটিস পাঠায় দমকল। সেই নোটিসে বলা হয়, বিল্ডিংয়ের ফায়ার সেফটিতে ৬ ধরনের বেনিয়ম রয়েছে। এই বেনিয়মের জন্য কেন অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস সিল করা হবে না তার জবাব চায় দমকল। ৪৮ ঘণ্টার মধ্যে সেই জবাব তলব করা হয়। জানা যায়, সপ্তম তলায় আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জল পাওয়া যায়নি। আগুন লাগলে আপৎকালীন পরিস্থিতিতে বেরিয়ে আসার জন্য কোনও ফায়ার এক্সিটও নেই। ফায়ার অ্যালার্মও ঠিকঠাক কাজ করছে না। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ফায়ার সেফটিতে গলদ ধরা পড়েছে। ফায়ার সেফটি ব্যবস্থা ছাড়া বিল্ডিংয়ের কাজ কেন চালানো হচ্ছিল? এই প্রশ্নেরও জবাব চাওয়া হয়। সেই জবাবে সন্তুষ্ট হতে পারেনি দমকল। তাই এবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের বেসমেন্ট, ৬ তলা ও ৭ তলা খালি করার নির্দেশ দেওয়া হল।
  • Link to this news (প্রতিদিন)