পচা মাংস, ছত্রাকে ঢাকা আলু! ডাহা ফেল পার্ক স্ট্রিটের নামী রেস্তরাঁ-দোকান, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৬
কোথাও ফ্রিজে ঠাসা পচা মাংস, কোথাও আলু-বেবিকর্নে ভর্তি ছত্রাক, কোথাও নষ্ট হয়ে যাওয়া ছানা থেকে তৈরি হচ্ছে মিষ্টি। রাজ্যজুড়ে বিভিন্ন হোটেল, রেস্তরাঁ, দোকানে স্বাস্থ্যদপ্তরের অভিযানে চোখ কপালে ওঠার জোগাড়! আরও উদ্বেগ বাড়িয়েছে পার্ক স্ট্রিটের নামীদামি রেস্তরাঁর রান্নাঘরের অবস্থা। করিমস, ডন জিওভানি, তুংফংয়ের মতো রেস্তরাঁ খাবার পরীক্ষায় ডাহা ফেল! এত বিখ্যাত সব রেস্তরাঁ, হোটেলের মাঝে পাশ করেছে মোক্যাম্বো, আর্সেলান। শুধু তাই নয়, কামালগাজি থেকে সোনারপুর, বহরমপুর থেকে আলিপুরদুয়ার, রাজ্যের নানা প্রান্তে একাধিক খাবারের দোকান মানপরীক্ষায় ফেল করায় সিল করে দেওয়া হয়েছে। বাগদার এক মিষ্টির দোকানের দইয়ে ছত্রাক পাওয়া গিয়েছে। অপরিচ্ছন্ন রান্নাঘর। সেখান থেকে সমস্ত উপকরণ ফেলে দিয়েছেন অভিযানকারীরা।
রাজ্যের বিভিন্ন দোকান, হোটেল, রেস্তরাঁর মান ঠিক আছে কি না, তা পরীক্ষা করতে অভিযানে নেমেছে স্বাস্থ্যদপ্তর। গত তিনদিন ধরে রাজ্যের মোট ২৩৩৭ টি জায়গায় হানা দিয়েছেন আধিকারিকরা। শুক্রবার বিকেলে পার্ক স্ট্রিটের নামীদামি রেস্তরাঁগুলির রান্নাঘর দেখে চোখ কপালে তাঁদের! এত দাম দিয়ে সকলে খাবার খেতে যান করিমস, তুংফংয়ের মতো রেস্তরাঁয়। অথচ তাদের খাবারের এই অবস্থা! পচা মাংস, মেয়াদোত্তীর্ণ তেল দিয়ে রান্না, আলু-বেবিকর্নে ছত্রাক, মিষ্টিতে ব্যবহৃত ছানা নষ্ট হয়ে গিয়েছে। অধিকাংশ রেস্তরাঁ মান পরীক্ষায় ফেল। বৃহস্পতিবারও ট্যাংরার রেস্তরাঁগুলিতে হানা দিয়ে ‘বিগ বস’-এর মতো জায়গাতেও বিস্তর গরমিল পেয়েছেন আধিকারিকরা। অধিকাংশ খাবারে কার্যত ‘বিষ’!