• পড়ুয়ার চন্দনের তিলক মুছিয়েছিলেন! কলকাতার স্কুল শিক্ষিকাকে সাসপেন্ড করলেন শুভেন্দু
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • কলকাতার এক মিশনারিজ স্কুলে এক খুদে পড়ুয়ার চন্দনের তিলক দিনের পর দিন মুছিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এমনই অভিযোগ করে ওই পড়ুয়া। ভিডিওটি নজরে পড়তেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার অভিযুক্ত ওই শিক্ষিকার বিরুদ্ধে পদক্ষেপ করা হল। শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই ‘দিদিমণি’কে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় বিকাশ ভবনের এক কর্মীকে সাসপেন্ড করেছে শিক্ষা দপ্তর।

    অন্যদিকে, বিকাশ ভবনের এক কর্মী সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করেছিলেন। বিষয়টি নজরে আসার পরই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। জলসম্পদ ভবনে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, সরকারি কর্মী হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী বা দেশের সাংবিধানিক পদে থাকা ব্যক্তিকে নিয়ে আপত্তিকর বা অবমাননাকর মন্তব্য বরদাস্ত করা হবে না। শুভেন্দু আরও জানান, জন্মাষ্টমীর ছুটি নিয়ে সরকারি কর্মীদের কাজের দিন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েও আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য সামনে এসেছে। সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা এবং প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে বর্তমান সরকার।

    উল্লেখ্য, বৃহস্পতিবার গোলপার্কের রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ বিদ্যাবিকাশ পরিষদের বার্ষিক কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রথম তিলক মোছার ঘটনার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সোশাল মিডিয়ার ভিডিওতে এক ছাত্র অভিযোগ করছে, তার মাথায় চন্দনের টিকা মুছিয়ে দিচ্ছেন শিক্ষক। বলছেন, মুখ ধুয়ে এস, টিকা নিয়ে ক্লাসে আসা যাবে না। কে টিকা রাখবে, কে তুলসী পরবে- পশ্চিমবঙ্গে এটা তো আস্থা, পরম্পরা, ঐতিহ্য।” বৃহস্পতিবার স্কুলের নাম না বললেও শুক্রবার স্কুলের নাম উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কলকাতার হলি মিশন ইংলিশ মিডিয়াম স্কুলের এক শিক্ষিকা এই কাজ করেছেন। এর জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)