দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর (IMD)। শুক্রবার ঘন কালো মেঘে ঢাকা পড়েছে দিল্লির আকাশ। তারপরেই রেড অ্যালার্ট জারি করে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস জারি করেছে আইএমডি।
শুক্রবার জন্মাষ্টমীর জন্য উৎসবের আমেজ দেশজুড়ে। দিল্লিতেও একই আবহ। তার মধ্যেই ভারী বৃষ্টিতে ধাক্কা খেয়েছে উদযাপন। আচমকা বৃষ্টি নামায় হুড়োহুড়ি পড়ে যায় বাসিন্দাদের মধ্যে।
বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে বিমান চলাচলেও। ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া ট্রাভেল অ্যাডভাইজ়ারি জারি করেছে, তারা জানিয়েছে খারাপ আবহাওয়ার জন্য ফ্লাইট চলাচলে সমস্যা হবে। ইন্ডিগো জানিয়েছে, আবহাওয়ার দিকে কড়া নজর রাখা হচ্ছে। যাত্রীদের ফ্লাইট স্টেটাস চেক করে তারপরে বাড়ি থেকে বেরনোর পরামর্শ দেওয়া হচ্ছে।
শুক্রবার খারাপ আবহাওয়ার কারণে অন্তত ৯টি ফ্লাইট দিল্লি বিমানবন্দরে আসার পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। জয়পুর ও লখনৌয়ের দিকে ৪টি করে ফ্লাইট এবং আমেদাবাদের দিকে একটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জল জমেছে। এ দিনই অন্তত ৪০০টি ফ্লাইট উড়তে দেরি হয়েছে।