জন্মাষ্টমীর দিন উত্তর কলকাতায় ভেঙে পড়ল পুরোনো বাড়ি। শুক্রবারের ঘটনা। কলকাতার রাজা নবকৃষ্ণ স্ট্রিটের উপর ছিল ওই পুরোনো বাড়ি। এই বাড়িটি ভগ্নদশায় ছিল, অনেক আগেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল পুরসভার তরফে। শ্যামপুর থানার অন্তর্গত ওই এলাকা।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বিপজ্জনক ঘোষণা করার পরেও ওই বাড়িটিতে বেশ কয়েকজন ছিলেন। যদিও বাড়ি ভেঙে পড়ায় কেউ জখম হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা রয়েছে। শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। রয়েছেন দমকলের কর্মীরাও। পুলিশ কুকুর নিয়ে এসেছে তদন্ত শুরু হয়েছে। কেউ আটকে রয়েছেন কিনা খোঁজা হচ্ছে।
সূত্রের খবর, শুক্রবার দুপুর ৩টা নাগাদ এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হঠাৎ করেই এ দিন ভেঙে পড়ে বাড়িটি। গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে কলকাতায়। তার জেরে এমন হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।