• ‘DVC ভালো কাজ করছে’, গঙ্গা ভাঙন রোধে স্থায়ী সমাধানের পরিকল্পনা, বন্যা নিয়ন্ত্রণে কী আশ্বাস মুখ্যমন্ত্রীর?
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ডিভিসি-র জল ছাড়ার কারণে প্লাবিত দুর্গাপুর, বর্ধমান, হুগলি, হাওড়ার বিস্তীর্ণ এলাকা। শুক্রবার সকাল থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে ডিভিস। এ দিন দুপুর পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৬২৫ কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ ৪৩ হাজার কিউসেক। পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ ৫০ হাজার কিউসেক। পরিস্থিতি যা, তাতে শুক্রবার রাত ১০টা পর্যন্ত দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ খুব একটা কমবে না। শুক্রবার দুপুরে একটি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রশাসন পুরো পরিস্থিতির উপরে নজর রাখছে এবং দ্রুত পরিস্থিতি সামলে নেওয়া হবে।

    গত সরকারের আমলে ডিভিসি-র জল ছাড়া নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত লেগেই থাকত। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলে সেটিকে ‘ম্যান মেড বন্যা’ বলে জানাতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে এ দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ড্যাম বা জলাধারের একটা নিজস্ব সীমাবদ্ধতা থাকে। অতিরিক্ত জল জমলে জল ছাড়তেই হয়। বিষয়টি নিয়ে রাজনীতি না করে বাস্তব পরিস্থিতি মেনে মোকাবিলার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘ডিভিসি খুব ভালো কাজ করছে। বেঙ্গল ক্যাডারের আইএএস রাজেশ পান্ডে চেয়ারম্যান হয়েছেন। একটাও বাঁধ ভাঙেনি। ড্যামের ক্যাপাসিটির বাইরে বৃষ্টি হলে জল তো ছাড়বেই।’

    পাশাপাশি একাধিক জেলায় গঙ্গার ভাঙন সংক্রান্ত সমস্যা রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, কানপুর আইআইটি, বিশেষজ্ঞ টিম, জলশক্তি মন্ত্রক এবং বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ, এই তিন রাজ্যের মধ্যে কো-অর্ডিনেশন মিটিং করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হচ্ছে। গঙ্গা ভাঙন রোধে স্থায়ী সমাধানের পথে হাঁটছে রাজ্য সরকার। এক থেকে দুই বছরের মধ্যে স্থায়ী সমাধান হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বন্যা রোধ ও গঙ্গা ভাঙন রোধে এনডিএম (ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট) এবং রাজ্য তহবিলের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও অতিরিক্ত তহবিলের আবেদন জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    এ দিন সকাল থেকে রাজ্যের বন, সমবায় ও পরিবেশ দপ্তরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি নিজে নৌকা চালিয়ে বাঁকুড়া জেলার সোনামুখির উত্তর নিত্যানন্দপুর এলাকা পরিদর্শনে যান। বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন। আগামী দিনে সব রকম ভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের যাতে আর্থিক ভাবে দ্রুত সহযোগিতা করা যায় তার আশ্বাস দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)